‘নারীনীতি নিয়ে সরকারের অবস্থান দুর্বল নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি নিয়ে কোনোভাবেই দুর্বল অবস্থানে নেই। নীতিটিতে কী আছে, তা না দেখেই যে ধূম্রজাল তৈরি করা হয়েছে, তা দূর করার জন্যই বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এটা দুর্বলতা নয়।উইমেন ফর উইমেন আয়োজিত নারীনীতি বাস্তবায়নে করণীয় বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনা সভা হয়। সভায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী সরকারের ওই অবস্থান তুলে ধরেন।সুলতানা কামাল বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে ১৯৯৭ সালের নীতি পুনর্বহালের অঙ্গীকার করেছে। সে অঙ্গীকার জেনেই জনগণ ভোট দিয়েছে। কিন্তু বর্তমানে নীতি নিয়ে সরকারের গলা খুব নিচে নেমে যাচ্ছে। সরকার করুণভাবে নমনীয় (ডিফেনসিভ) হচ্ছে। সরকারের ধর্মভিত্তিক রাজনীতি করার কোনো প্রয়োজন নেই।সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জাকিয়া কে হাসান। মূল বক্তব্য পড়েন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নিলুফার বানু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অধ্যাপক মাহমুদা ইসলাম।সভায় সাংসদ নাজমা আক্তার, সাংসদ রওশন জাহান, মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, উইমেন ফর উইমেনের সদস্য হান্নানা বেগম, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য কোহিনুর বেগম, ধরিত্রী ফাউন্ডেশনের সদস্য আদন ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।