‘না’ বলার শক্তি অর্জন করতে পারলে মাদকমুক্ত হওয়া সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক নেওয়া ছাড়তে হলে কী কী করতে হবে, এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞ চিকিৎসক বললেন, মাদককে ‘না’ বলার শক্তি অর্জন করতে হবে। তবেই মাদক থেকে মুক্তি পাওয়া যাবে।মাদক ব্যবহার করলে স্মার্টনেস বাড়ে কি না, এমন প্রশ্ন ছিল এক শিক্ষার্থীর। বিশেষজ্ঞ চিকিৎসক এর উত্তরে বলেন, মাদক নিলে স্মার্টনেস তো বাড়েই না, বরং ধীরে ধীরে একজন মানুষ নিঃশেষ হয়ে যায়। গতকাল বুধবার প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলন আয়োজিত সভায় মাদকবিষয়ক এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজেছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রথম আলো বন্ধুসভা ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যৌথভাবে এ সভার আয়োজন করে।সভার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। ধূমপান করলে আসলেই টেনশন দূর হয় কি না, মাদকাসক্ত বন্ধুদের কীভাবে এ পথ থেকে ফেরানো যাবে, তাদের সঙ্গ ত্যাগ করা উচিত কি না—এমন অনেক বিষয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন করেন শিক্ষার্থীরা। প্রশ্নের জবাব দিতে গিয়ে বিশেষজ্ঞরাও মাদক নিয়ে খোলামেলা আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক আক্তারুজ্জামান সেলিম বলেন, শিক্ষার্থীদের সামনে আনন্দ লাভের কোনো উপায় না থাকলে তাঁরা মাদকে আনন্দ খোঁজেন। শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে হলে আনন্দ লাভের বিকল্প উপায় খুঁজতে হবে। আহমেদ হেলাল বলেন, একাধিক জরিপের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ৮০ থেকে ৯০ লাখ মাদকাসক্ত রয়েছে। এর একটি বড় অংশই শিক্ষার্থী। মনোরোগ চিকিৎসক মোহিত কামাল বলেন, শিক্ষকেরা সমাজের আদর্শ। শিক্ষার্থীদের তাঁরা খুব প্রভাবিত করতে পারেন। তাই শিক্ষার্থীদের মাদকমুক্ত করতে হলে আগে শিক্ষকদের মাদকমুক্ত হতে হবে। মাদক নিরাময়কেন্দ্র ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘নেশা করলে স্মার্ট হয়, রাত জেগে লেখাপড়া করা যায়, টেনশন দূর হয়—এসব গুজবে শিক্ষার্থীদের কান দেওয়া ঠিক নয়। ভালোভাবে মনোনিবেশ করলে এমনিতেই এসব কাজ করা যায়।’ বিশেষজ্ঞ চিকিৎসক জিল্লুল কামালও সভায় বক্তব্য দেন।