‘পল্লবীতে সন্ত্রাসী দলের দ্বন্দ্বে খুন হন আলী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীতে মোহাম্মদ আলী হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাঁরা হলেন জীবন আহমেদ ওরফে জনি ও মো. কালাম। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ওই দুজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।গত ৫ আগস্ট পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় খুন হন আলী (২৭)। হত্যাকাণ্ডের পর পল্লবী থানার পুলিশ বলেছিল, আলী ‘ক্রসফায়ারে’ নিহত হতে পারেন।গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) মশিউর রহমান ও সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম।সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাতে তুরাগ থানা এলাকার বাউনিয়া বাঁধ থেকে জীবন ও কালামকে একটি পিস্তল, একটি রিভলবার ও পাঁচটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, পল্লবীতে সন্ত্রাসীদের দুই দলে পূর্বশত্রুতা ও চাঁদাবাজির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এই দুই দলের একটির প্রধান মুসা ও আরেকটির প্রধান রনি। নিহত আলী একসময় রনির সহযোগী ছিলেন। দুই দলের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। একপর্যায়ে রনির দলটি দুর্বল হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়লে মুসা আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন মুসার দলে যোগ দেন আলী। সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদুল ফিতরের আগে আলী স্থানীয় কেবল (ডিশ) ব্যবসায়ী ফিরোজের কাছে চাঁদা চান। ফিরোজ হলেন মুসার পুরোনো সহযোগী। চাঁদার বিষয়টি মুসাকে জানান ফিরোজ। এরপর ৫ আগস্ট কালাম ফোন করে আলীকে সাগুফতা হাউজিং এলাকায় আসতে বলেন। মুসা তাঁর সহযোগী ফিরোজ, শ্যামল, বাপ্পি, জীবন, কালাম, শের আলী, সালেহ, খোকন ও স্বপনকে নিয়ে আগে থেকেই ওই জায়গায় অবস্থান করছিলেন। আলী আসার পর তাঁরা একটি টংঘরে বসে আলোচনা করতে থাকেন। একপর্যায়ে মুসা উঠে আলীর পেছনে গিয়ে পিঠে গুলি করে বলেন, ‘অনেক জ্বালাইছস’। তখন মুসা ফিরোজকে বলেন, ‘মাথায় গুলি কর’। এ সময় ফিরোজ মাথার পেছনে এবং জীবন মাথার ডান পাশে গুলি করেন। তাঁরা আলীর মৃতদেহটি ফেলে পালিয়ে যান।