‘পোড়া বস্তি’ আবার পুড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তিতে গতকাল বুধবার সকালে আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পাঁচ বস্তিবাসী। তাঁদের মধ্যে মো. সেলিম নামের এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা ১১টার পর কল্যাণপুর নতুন বাজারসংলগ্ন পোড়া বস্তির একটি ঘরে রান্নার চুলা থেকে আগুন লাগে। গা ঘেঁষে গড়ে ওঠা একের পর এক বস্তিঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বস্তিবাসীর কেউ কেউ পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা একটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে ১২২টি কাঁচা ঘর ও ১৬টি আধা পাকা দোকান পুড়ে গেছে। আশপাশের কয়েকটি ঘর আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। বস্তিবাসী অবশ্য আগুনে তিন শতাধিক ঘর পুড়ে যাওয়ার দাবি করেছেন। গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে বস্তিবাসী সুফিয়া বেগম ও আরজু আক্তারকে বিলাপ করতে দেখা যায়। আগুনে চোখের সামনে পুড়ে গেছে তাঁদের আশ্রয়স্থলটুকু। সুফিয়া বলেন, ‘অনেক কষ্ট করে এত দিনে সংসারের যেসব জিনিসপত্র কিনেছিলাম, তার সবই পুড়ে ছাই হয়ে গেল। ঘর থেকে কিছুই বের করে আনতে পারলাম না। এখন আমরা নিঃস্ব।’বস্তিবাসী মিজান হোসেন জানান, হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। এ সময় দেখেন, পাশের সেলিমের ঘর থেকে লাগা আগুন ঘরে ছড়িয়ে পড়েছে। কয়েক মিনিটের মধ্যে আগুন বস্তির অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।বস্তিবাসীরা অভিযোগ করেন, বস্তি থেকে উচ্ছেদের জন্যই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, কয়েক বছর আগেও এই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকে এটার নাম হয় ‘পোড়া বস্তি’।জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, আগুন ধরিয়ে দেওয়া হয়নি। রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।সর্বশেষ কয়েকটি ঘটনা: গত বছরের ১৮ নভেম্বর হাজারীবাগের বউবাজার বস্তিতে আগুনে পুড়ে ১১ জনের মৃত্যু হয়। ২১ জানুয়ারি রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ লাগোয়া এক বস্তিতে আগুনে পুড়ে যায় ৪০টি ঘর ও ২৫টি রিকশা। ৩ ফেব্রুয়ারি আগুনে পুড়ে যায় আগারগাঁও বাজার বস্তির পাঁচ শতাধিক ঘর। গত রোববার গভীর রাতে একুশের গ্রন্থমেলায় অগ্নিকাণ্ডে ২৭টি প্রতিষ্ঠানের ৪৭টি ইউনিট পুড়ে যায়।