‘ফাউ’ খেতে না পেয়ে ভাঙচুর করলেন ছাত্রলীগের কর্মীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফাউ খেতে না দেওয়ায় ক্যানটিন ভাঙচুর করেছেন ক্যাম্পাস শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের নিচতলার ক্যানটিনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের পক্ষের ২০ থেকে ২৫ জন ছাত্রলীগকর্মী ক্যানটিনে খাবার খেতে যান। টাকা না দিয়ে (খাবার খাওয়ার আগে টাকা দিতে হয়) খাবার চাইলে ক্যানটিনের ম্যানেজার আলতাব হোসেন অপারগতা প্রকাশ করেন। তখন তাঁরা ক্যানটিনের নয়টি চেয়ার, দুটি টেবিলসহ অন্যান্য আসবাব ভাঙচুর করেন। এ সময় তাঁরা ক্যানটিনে খাবার খেতে থাকা অন্য সাধারণ শিক্ষার্থীদের খাবারও ছুড়ে ফেলে দেন। বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন পরিচালক বিল্লাল হোসেন বলেন, টাকা ছাড়া খাবার না দেওয়ায় ছাত্রনেতা-কর্মীরা ক্যানটিনে ভাঙচুর করেছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁর পক্ষের কোনো ছাত্রলীগকর্মী এ ঘটনায় জড়িত নন।