'ফুটপাতের দখল উচ্ছেদ করাই মূল চ্যালেঞ্জ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মোস্তাক আহমেদ। তিনি গতকাল ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।

প্রথম আলো: গত দুই বছরে ওয়ার্ডে উন্নয়ন কাজের অগ্রগতি কতটুকু?

কাউন্সিলর: গত দুই বছরে ওয়ার্ডে ১৫ কোটি টাকার বেশি কাজ হয়েছে। আমি বলব উন্নয়নকাজের ৮০ শতাংশই শেষ। চলতি বছরে বাকি কাজটুকু হয়ে যাবে।

প্রথম আলো: এই মুহূর্তে আপনার চ্যালেঞ্জ কোনটি?

কাউন্সিলর: ফুটপাতের দখল উচ্ছেদ করাই মূল চ্যালেঞ্জ। ওয়ার্ডের ভেতরের অনেক সড়কের ফুটপাত দখলমুক্ত করতে পারলেও মালিবাগ বাজার, চৌধুরীপাড়াসহ কয়েকটি জায়গার ফুটপাত দখলমুক্ত করতে পারিনি।

প্রথম আলো: পূর্ব হাজীপাড়ার বাসিন্দারা বেহাল সড়ক আর জলাবদ্ধতার সমস্যার কথা বলছিলেন। মাটির মসজিদ–সংলগ্ন আবাসিক এলাকায় উন্নয়নকাজের দীর্ঘসূত্রতা নিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে।

কাউন্সিলর: হাজীপাড়ার ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে সড়কগুলো সংস্কার হয়ে গেলে জলাবদ্ধতার সমস্যা থাকবে না। খুব দ্রুত কাজ শুরু হবে। আর মাটির মসজিদ–সংলগ্ন সড়কের কাজটি যথাযথ সময়ে শেষ করার ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের অবহেলা রয়েছে।

প্রথম আলো: ওয়ার্ডের বাসিন্দারা একটা খেলার মাঠের জন্য দাবি তুলেছেন।

কাউন্সিলর: এটা খুবই দুঃখজনক যে এত বড় একটা ওয়ার্ডের জন্য একটা খেলার মাঠও নেই। লোকসংখ্যা অনুপাতে বিদ্যালয়ের সংখ্যাও কম। অথচ দুটির জন্যই যথেষ্ট জায়গা রয়েছে। এখন কেবল সরকারি উদ্যোগ দরকার। আর ওয়ার্ডের কমিউনিটি সেন্টারটি খালি করা দরকার। এটা এলাকার বাসিন্দাদের দাবি।