৮ থেকে ১১ এপ্রিল টানা চার দিনের হরতাল। ঢাকার বাস টার্মিনালগুলোতে প্রায় একই দৃশ্য। গাড়ির অসংখ্য সারি। গাড়ির ভেতরে শুয়ে-বসে অলসভাবে দিন কাটাচ্ছেন পরিবহন খাতের কর্মীরা। কেউ কেউ গাড়ির ছোটখাটো ত্রুটি সারাচ্ছেন। দূরপাল্লার বাসগুলোতে যাঁরা কাজ করেন, তাঁদের বেশির ভাগের আয় তো বন্ধই, থাকা-খাওয়ার অর্থও পান না অনেকে। নিজের জমানো টাকায় চলছে দিন গুজরান। এভাবে থাকা পছন্দ নয় কারোরই। ঢাকা-হালুয়াঘাট সড়কের একটি বাসের সুপারভাইজার শহিদুল ইসলাম বলছিলেন, ‘এভাবে চললে পাগল হইয়্যা যামু ভাই। গেল মাসে ১১ দিন গাড়ি চলে নাই। এ মাসের ১১ দিনের সাত দিনই বন্ধ।’ স্কুলপড়ুয়া দুই ছেলে, স্ত্রী আর মাকে নিয়ে ঢাকায় থাকেন শহিদুল। মহাখালী বাসস্ট্যান্ডে গতকাল সকালে কথা প্রসঙ্গে জানালেন, দুই ছেলের এ মাসের ১৮ তারিখ থেকে পরীক্ষা, ফি বাবদ এক হাজার ৪০০ টাকা দিতে হবে। বলছিলেন, ‘পোলাগো কইছি, চিন্তা কইরো না। কিন্তু চিন্তায় আমার মাথা নষ্ট। ঋণ না করলে ওগো পয়সা দিতে পারমু না।’ফরিদপুৃরের ভাঙ্গার পূর্ব সদরদী গ্রামের মো. শাকিল। গাড়িচালক। ঢাকায় একটি মেসে থাকেন। গ্রামে বৃদ্ধ মা-বাবা আর ভাইবোনের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা পাঠাতে হয়। মাসে ঠিকমতো গাড়ি চালাতে পারলে এ টাকা উঠে আসে। কিন্তু গত মাসে পুরো টাকা পাঠাতে পারেননি। আর এ মাসে? শাকিল বলছিলেন, ‘এ মাসে অর্ধেকও পারুম না মনে অয়। চোদ্দ আর আঠারো দলের বাইড়্যাবাড়ি, মরতেছে আমাগো মতো জনগণ।’ গত বুধবার মহাখালী বাসস্ট্যান্ডে প্রায় সাত শ শ্রমিককে দুপুরে খিচুড়ি রান্না করে খাওয়ায় সেখানকার শ্রমিক সংগঠন ও মালিকেরা। ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা সহিদুল্লাহ বলছিলেন, ‘আমরা শুধু একজন শ্রমিককে খেতে দিয়ে তো তাঁর জীবন বাঁচাইতে পারব না। তাঁর পরিবারের কী হবে? সবাইকে তো আমরা খেতে দিতে পারব না?’ এক বেলা খাবার এ দুর্গতিতে তেমন বিশেষ কোনো ফলদায়ক নয়। তবে নিজের জমানো টাকায়, কখনো মালিকের সাহায্যে ভালোমন্দ তা-ও কিছুটা জুটছে। কিন্তু ফেলে আসা পরিবারের কথা মনে হলে মনটা কাঁদে সিরাজগঞ্জের সিমলা গ্রামের কামরুল ইসলামের। বলছিলেন, ‘বউ-ছল শাক-কচু খাইয়্যা আছে। কষ্ট লাগে। ফোনে খালি তাগো কষ্টের কথা শুনি।’ ঢাকা-কুড়িগ্রাম সড়কের একটি বাসের এই শ্রমিক গাবতলী বাস টার্মিনালে গাড়িতে বসে বলছিলেন, ‘কোনো দলেরই ভালো হোবো না। গরিব মানুষরে কষ্টে রাইখ্যা কেউ ভালো থ্যাকপার পারে না।’