‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউিশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে ১৫ আগস্ট উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রলীগ সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে। গত সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং সারা দেশের সব জেলা ও উপজেলা সংসদের পক্ষ থেকেও স্মারকলিপি দেওয়া হয়।স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের গাড়িতে আর যেন স্বাধীন বাংলার পতাকা না ওঠে, সে জন্য সজাগ থাকতে হবে। গ্রামে-গঞ্জে মানুষকে জানাতে হবে জামায়াতে ইসলামী কী? একাত্তরে এই জামায়াতের নেতৃত্বেই রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করা হয়েছিল।ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের সঞ্চালনায় এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রহমতউল্লাহ, এ কে এম এনামুল হক শামীম, এইচ এম বদিউজ্জামান, সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।