‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় নিয়ে বিভ্রান্তি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২০ মার্চ গভীর রাতে রাজধানীর হাতিরঝিলে এক যুবক নিহত হন। ঘটনার পর পুলিশ বলেছে, ওই যুবকের নাম আরিফ ওরফে বরিশাইল্যা আরিফ। তিনি ডাকাত দলের সদস্য। তবে গতকাল বুধবার নিহত যুবকের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করে বলেছেন, তাঁর নাম সাইদুল ইসলাম। তিনি পোশাক কারখানায় কাজ করেন।ওই যুবক গুলিতে নিহত হওয়ার পরদিন ২১ মার্চ মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবকটির নাম আরিফ ওরফে বরিশাইল্যা আরিফ। তিনি দুধর্ষ ডাকাত এবং ছিনতাইকারী সুলতান ওরফে ইমুর প্রধান সহযোগী। সে কয়েক বছরে ঢাকায় বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তবে গতকাল যুবকটির মা কুরশিয়া বেগম ছেলের লাশ শনাক্ত করেন। সাংবাদিকদের তিনি বলেন, তাঁর ছেলের নাম সাইদুল ইসলাম। ঝালকাঠির রাজাপুরের শুকতাগড় এলাকায় তাঁদের বাড়ি। প্রায় এক বছর আগে সাইদুল রাগ করে বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসেন। এর পর তাঁর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। কুরশিয়া জানান, লোকমুখে শুনেছেন, তাঁর ছেলে রামপুরার একটি পোশাক কারখানায় কাজ করেন। সর্বশেষ ঈদুল আজহায় বাড়িতে যান সাইদুল। এ সময় তিনি বাবা সেকান্দার আলীকে পাঁচ হাজার টাকা দেন। গত মঙ্গলবার কেউ একজন ফোনে কুরশিয়াকে জানান, তাঁর ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। লাশ মর্গে রয়েছে। খবর পেয়ে রাতের লঞ্চে রওনা হয়ে গতকাল সকালে ঢাকায় পৌঁছান তিনি। ঝালকাঠিতে থাকার সময় সাইদুল মাটিকাটা শ্রমিক হিসেবে কাজ করতেন।