‘বাংলাদেশের জন্মটাই ছিল একটা প্রগতিশীল জন্ম’
বাংলাদেশের জন্মটাই ছিল একটা প্রগতিশীল জন্ম। পাকিস্তানের ২২ পরিবারভিত্তিক একচেটিয়া পুঁজির শোষণ এবং বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়। প্রগতিশীলতার ধারাবাহিকতায় আজ জাগরণ মঞ্চ থেকেও মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচারে সোচ্চার নতুন প্রজন্ম। গতকাল বৃহস্পতিবার সামাজিক সংগঠন বাঙলার পাঠশালা আয়োজিত ‘হেগেলীয় দর্শনে সত্তা’ শীর্ষক এক বক্তৃতায় এ কথা বলেন অর্থনীতিবিদ এম এম আকাশ। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধকালে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তাজউদ্দীন আহমদ। তিনিও প্রগতিশীল মানুষ ছিলেন। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং সেই দায়ে অভিযুক্ত দলকে নিষিদ্ধ করে এই ভূমিকে কলঙ্কমুক্ত করাটা গুরুত্বপূর্ণ। গতকালের বক্তৃতাটি বাঙলার পাঠশালা আয়োজিত ‘গুণীজন বক্তৃতামালার’ সিরিজের দ্বিতীয় উদ্যোগ। প্রতি মাসে এই বক্তৃতার আয়োজন করা হয়। আগামীর বাংলাদেশের জন্য প্রয়োজনীয় দার্শনিক চিন্তার ভিত্তিমূল জানার জন্য হেগেলের দর্শন নিয়ে এই বক্তৃতার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।