‘বাংলাদেশের দেওয়া সম্মান কাজে উৎসাহ বাড়াবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারের দেওয়া সম্মান আন্তর্জাতিক রেডক্রসকে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আরও বেশি উৎসাহিত করবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক রেডক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের কর্মকর্তারা এ কথা বলেন। ‘স্বাধীনতা সম্মান’ পাওয়া উপলক্ষে সংস্থা দুটি যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাংসদ এম এস আকবর বলেন, ‘যুদ্ধকালীন আন্তর্জাতিক রেডক্রস যে অবদান রেখেছে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।’ সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য ফ্রানকোইজ বাগনিয়ন বলেন, ১৯৭১ সালে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক রেডক্রস মধ্যস্থতা করেছিল এবং যুদ্ধাহত শরণার্থীদের ত্রাণ কার্যক্রমে সহায়তা করেছিল। এ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয়ভাবে রেডক্রসকে সম্মান দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। বাগনিয়ন রেডক্রসের ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীনতাযুদ্ধের পর রেড ক্রিসেন্ট সোসাইটি বৃহৎ পরিসরে ত্রাণ ও পুনর্বাসন-সহায়তা শুরু করে। চিকিৎসাসেবায় বিপুল সংখ্যক মানুষের জীবন রক্ষা পায়। পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার করে দেশে নিয়ে আসে। সংবাদ সম্মেলনে রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রধান উদয় রেগমি ও আইসিআরসি বাংলাদেশের প্রধান ক্রিস্টোফ ভোগ উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।