‘বাংলায় আইনের পরিভাষা প্রণয়নে পথিকৃৎ জনাথন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেছেন, জনাথন ডানকান আইনের প্রথম অনুবাদক ছিলেন। তিনি বাংলায় আইনের পরিভাষা-প্রণয়ন ও ভাষারীতি নির্ধারণে পথিকৃতের ভূমিকা পালন করেন।গতকাল শনিবার ‘বাংলা ভাষায় আইনের আদি অনুবাদ’ শীর্ষক বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। বিচারপতি মুহম্মদ ইব্রাহিম স্মারক বক্তৃতা ২০১২ উপলক্ষে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।আনিসুজ্জামান বলেন, ডানকানের সামনে আইন-অনুবাদের কোনো আদর্শ ছিল না। তখন বাংলায় বিরামচিহ্ন তেমন গড়ে ওঠেনি। অনুচ্ছেদের ধারণাও তখন বাংলায় ছিল না। বিশ্বস্ততার খাতিরে ইংরেজি বাক্যের আদল রেখে তিনি বাংলা অনুবাদ করতে চেয়েছিলেন। এতে কখনো কখনো বাক্য দীর্ঘ হয়েছে, বাংলা বাক্যের স্বাভাবিক ঢং বজায় থাকেনি। তার পরও এই বিদেশি নাগরিক বাংলা গদ্যে একটা নতুন দিক উন্মোচন করেছিলেন এবং এ জন্য কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে স্মরণ করতে হবে বলে মনে করেন তিনি।আনিসুজ্জামান বলেন, ডানকান ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার ছিলেন। ১৭৭২ সালে তিনি বঙ্গদেশে আসেন। পরে তিনি সদর দেওয়ানি আদালতের দ্বিতীয় সহকারী ও ওলন্দাজ অনুবাদকের পদ লাভ করেন। ওলন্দাজ ভাষা ছাড়াও তিনি ফারসি ও বাংলা শিখেছিলেন।গতকাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। স্বাগত বক্তব্যে ইব্রাহিম ট্রাস্ট ফান্ড, বিচারপতি মুহম্মদ ইব্রাহিম ও স্মারক বক্তা আনিসুজ্জামানের পরিচিতি উপস্থাপন করেন এ কে এম গোলাম রাব্বানী।অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, বিচারপতি মুহম্মদ ইব্রাহিমের মেয়ে ও ট্রাস্ট ফান্ডের উদ্যোক্তা জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।