‘বাজারের তৈরি খাবার অপুষ্টি সমস্যার সমাধান নয়’
স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতি খাতে উন্নতি ঘটলেও দেশে মা ও শিশুর অপুষ্টি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে অপুষ্টি সবচেয়ে বেশি। বাজারের তৈরি খাবার (রেডি টু ইউজ থেরাপিউটিক ফুড বা আরইউটিএফ) এ ক্ষেত্রে সমাধান দিতে পারবে না।গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে পুষ্টি কার্যক্রম: শিক্ষা গ্রহণ ও আগামী দিনের পথ’ শীর্ষক মেসিনারে দেশের শীর্ষ পুষ্টিবিদেরা এ কথা বলেন। নাগরিক সংগঠন বাংলাদেশ সিভিল সোসাইটি নেটওয়ার্ক ফর প্রমোটিং নিউট্রিশন (বিসিএসএনপিএন) এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট শিশুপুষ্টিবিদ এম কিউ কে তালুকদার বলেন, দক্ষ ও প্রশিক্ষিত পুষ্টিবিদ ও কর্মী তৈরি করার উদ্দেশ্যে জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি সেবা কার্যক্রম (সার্ভিস ডেলিভারি) চালাচ্ছে ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিচ্ছে। সেমিনারের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, অপুষ্টি দূর করতে স্বাস্থ্যের বাইরের অন্যান্য খাতের সহায়তা দরকার। সেন্টার ফর উইমেন অ্যান্ড চাইল্ড হেলথের গবেষণা সমন্বয়কারী খুরশিদ তালুকদার সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে সাংসদ তানভীর শাকিল ও মো. মুরাদ হাসান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মো. এখলাসুর রহমান বক্তব্য দেন।