‘বিজিএমইএর বক্তব্য অশালীন ও অমার্জিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাতৃত্বকালীন ছুটি বাড়লে জন্মহারও বাড়বে’—বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার ও নারীসংগঠনের প্রতিনিধিরা। এ ধরনের বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তাঁরা।গত মঙ্গলবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘মাতৃত্বকালীন ছুটি বাড়লে জন্মহারও বাড়বে—মনে করে বিজিএমইএ’ শীর্ষক সংবাদ প্রকাশের পর গত মঙ্গলবার ও গতকাল বুধবার আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ২৪ সপ্তাহ নির্ধারণ করে শ্রম আইন-২০০৬ সংশোধনের প্রস্তাবে বিজিএমইএ ওই মতামত দিয়ে শ্রম মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের জোট সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিজিএমইএকে তাদের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিএমইএর বক্তব্য সমগ্র নারী জাতির প্রতি শুধু অশালীন, অমার্জিত, অমানবিক, অগণতান্ত্রিকই নয়, একই সঙ্গে এটি নারীর মৌলিক অধিকারেরও পরিপন্থী। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি শিল্পের নেতাদের এ ধরনের অসংবেদনশীল বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। কেবল ব্যবসায়িক মনোবৃত্তি থেকে এ ধরনের অবস্থান গ্রহণ এবং যুক্তি দেখানো প্রকৃতপক্ষে নারী, শিশু—সর্বোপরি দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অবজ্ঞার শামিল। বিজিএমইএর বক্তব্য নারী ও শিশুর মৌলিক অধিকার বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সঙ্গে সাংঘর্ষিক। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাতীয় অর্থনীতিতে নারীশ্রমিকদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজিএমইএর বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।