‘বিতর্কের যুক্তি-তর্ক প্রতিভা বিকাশে সহায়তা করে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সহজাত বুদ্ধিবৃত্তিক গুণগুলো আমরা দিন দিন হারিয়ে ফেলছি। যুক্তি দিয়ে কথা বললে সেটি আরও জোরালো হয়, তা যেন আমরা ভুলে গেছি। তাই আমাদের বিতর্ক চর্চা করতে হবে। বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে শেখায়। কোনো বিষয়ের ভালো-মন্দ উভয় দিকই ভাবতে শেখায়।’গতকাল বৃহস্পতিবার প্রথম আলো-এক্সডিসি দ্বিতীয় আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাদের কথার মূল সুর ছিল এটি।পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দুটি বিভাগে ১৭টি বিদ্যালয়ের খুদে বিতার্কিকেরা অংশ নিচ্ছে।‘ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির/রহি যেন চির উন্নত শির’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে জেভিরিয়ান ডিবেটিং ক্লাব। প্রথম আলো জেভিরিয়ান বন্ধুসভা ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন এতে সহায়তা করছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘পাঠ্যবইয়ের বাইরে আর কোনো শিক্ষায় শিক্ষিত না হলে আমরা সত্যিকার অর্থে শিক্ষিত হতে পারব না। বিতর্কচর্চা পড়াশোনার একটি অংশ। বিতর্কের যুক্তি-তর্ক প্রতিভা বিকাশে সহায়তা করে।’বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার বলেন, শিক্ষিত মানুষ বিনয়ী হয়। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়। এই বিষয়গুলো জীবনে নিয়ে আসতে হলে পড়াশোনার পাশাপাশি বিতর্কচর্চাসহ আরও অনেক কাজ করতে হবে।সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রধান শিক্ষিকা রেণু মারীয়া পালমা বলেন, ‘যুক্তি-তর্ক দিয়ে আমরা নিজেদের সচেতন করতে পারব। সত্যকে খুঁজে পাব। তা বাস্তব জীবনে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারব।’প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন আশা প্রকাশ করেন, বিতর্কচর্চার মধ্য দিয়ে সব অন্ধকার দূর হবে। দূর হবে সব কুসংস্কার।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুলপরিচালনা কমিটির সভাপতি থিওটোনিয়াস প্রশান্ত রিবেরু, শিক্ষক প্রতিনিধি ধর্মলাল গোপ, অভিভাবক প্রতিনিধি বাবুল কুমার সাহা, শিক্ষিকা জেরিনা শিরিন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের মহাসচিব মাহফুজ মিশু প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানের পর সংক্ষিপ্ত কর্মশালা শেষে প্রতিযোগিতা শুরু হয়। শিশু বিভাগে সেন্ট গ্রেগরি হাইস্কুল ও ভিকারুননিসা নূন স্কুল সেমিফাইনালে বিজয়ী হয়েছে। স্কুল বিভাগে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, সেন্ট গ্রেগরি হাইস্কুল ও স্পন্দন মাদ্রাসা ডিবেটিং সোসাইটির দল কোয়ার্টার ফাইনালে বিজয়ী হয়।আজ শুক্রবার চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।