‘বিপ্লবী আন্দোলনের প্রেরণা সালাম ভাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রয়াত নেতা বারীণ দত্তের (আবদুস সালাম) জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, আজও বিপ্লবী আন্দোলনের প্রেরণা সালাম ভাই। তাঁর বিপ্লবী জীবন, আন্দোলন সবই বিপ্লবীদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।গতকাল মঙ্গলবার পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবি আয়োজিত ওই আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, নানকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, চা-শ্রমিকসহ কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তিসংগ্রাম ও সমাজতন্ত্রের আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।সিপিবির সাবেক সাধারণ সম্পাদক (১৯৬৮-১৯৭৩) ও বাংলাদেশ কৃষক সমিতির সাবেক সভাপতি বারীণ দত্তকে নিয়ে আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান।বক্তারা বলেন, সালাম ভাই ছিলেন এ দেশের প্রতিটি গণজাগরণের অন্যতম রূপকার; শ্রমিক ও কৃষক আন্দোলনের দক্ষ নেতা। মানবমুক্তি তথা সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার মাধ্যমেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব। নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিস্ট-জীবন গড়ে তুলতে হলে কমরেড সালামের বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিতে হবে।সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির হায়দার আকবর খান রনো, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির নেতা মাহমুদুর রহমান, ন্যাপ নেতা আবদুর রশীদ সরকার, গণফোরাম নেতা পরিমল চন্দ্র গুহ, বারীণ দত্তের ছেলে কিশোর দত্ত প্রমুখ।