‘বিল্ডিং কোড মেনে চলতে সবাইকে বাধ্য করা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক সতর্ক করে দিয়ে বলেছেন, বেশির ভাগ মফস্বল শহর ও গ্রামে বাড়ি নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ না করায় বড় ভূমিকম্প হলে সারা দেশে বিপর্যয় নেমে আসতে পারে। এ জন্য বিল্ডিং কোড মানতে বাধ্য করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। এ বছরের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতি ঘরে ঘরে, জীবন-জীবিকা রক্ষা করে’। এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বক্তারা ঘরে ঘরে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ঢাকা মহানগরসহ সারা দেশে সব স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড অনুসরণে বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড অনুসরণের বিষয়টি তদারক করতে বিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে। প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে হাইতির তুলনায় চিলিতে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা বেশি হলেও পূর্বপ্রস্তুতির কারণে চিলিতে ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে অনেক কম। সর্বশেষ জাপানের ভয়াবহ ভূমিকম্পের ক্ষেত্রেও দেখা গেছে নির্মাণে যথাযথ প্রযুক্তি ব্যবহার করায় ভবন ধসের ঘটনা কম ঘটেছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আরও জানান, সরকার ভূমিকম্প-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে। পাড়া-মহল্লায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তোলা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচির প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে। আবদুর রাজ্জাক বলেন, আইলায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে ৯৬ কোটি টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক পরিবারকে এখনো ভিজিএফের আওতায় খাদ্য সাহায্য দেওয়া হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এম এ কাসেম ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির।অনুষ্ঠানে দুর্যোগবিষয়ক প্রতিবেদনের জন্য ইত্তেফাক-এর খলিলুর রহমান, খুলনার দৈনিক জন্মভূমির প্রবীর বিশ্বাস ও প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ইফতেখার মাহমুদ এবং টেলিভিশন বিভাগে এনটিভির সুলতানা রহমান, আরটিভির ঝুমুর বারী ও এনটিভির চয়ন রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা মিডিয়া পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মন্ত্রী দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলির (এসওডি) নতুন সংস্করণ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা শীর্ষক দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।