'বুড়িগঙ্গা আমাগো বাঁচায়ে রাখছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়নাল সরদার
আয়নাল সরদার

‘মাইনষে কয় বুড়িগঙ্গা মইরা গেছে। হ পচা বিষওয়ালা পানিতে বুড়িগঙ্গা মরছে সত্য। তয় এহনো বুড়িগঙ্গায় যতটুক পানি আছে, সেইডাই আমাগো বাঁচায়ে রাখছে।’

কথাগুলো প্রায় ৭০ বছরের বৃদ্ধ মাঝি আয়নাল সরদারের। ছোট নৌকা চালান বুড়িগঙ্গা নদীতে। থাকেন কামরাঙ্গীরচরে। সম্প্রতি চরের মাদবর বাজার ঘাট থেকে কেরানীগঞ্জে যাওয়ার পথে কথা হয় আয়নাল সরদারের সঙ্গে। সে সময় এই কথাগুলো বলেন তিনি।

কামরাঙ্গীরচরের বেঁড়িবাধ এলাকায় মাদবর বাজার ঘাট। সেখানে গিয়ে কেরানীগঞ্জে যাওয়ার নৌকার খোঁজ করতেই আয়নাল সরদার ডাক দেন, ‘এদিকে আহেন। আমার নৌকা যাইব। এহন আমার সিরিয়াল।’

সূর্য তখন ঠিক মাথার ওপরে। একটু পরপরই বুড়িগঙ্গার বুক বেয়ে আসা-যাওয়া করছে যাত্রী ও পণ্যবাহী লঞ্চ-স্টিমার। সেগুলোর ঢেউয়ে দোল খেতে খেতে ভাসছে ছোট ছোট নৌকাও। বৈঠা হাতে তখন নিজের নৌকার দোল সামলাতে ব্যস্ত আয়নাল সরদার। নৌকায় বসে গন্তব্যে পৌঁছা পর্যন্ত কথাবার্তা চলে তাঁর সঙ্গে।

আয়নাল সরদার জানান, প্রায় ৩০ বছর আগে পরিবার নিয়ে বরিশাল থেকে কামরাঙ্গীরচরে আসেন তিনি। কোনো কাজ না পেয়ে নৌকা চালানো শুরু করেন। ‘দুই ছেলেমেয়ে তখন ছোট। চরে আসার পর কাজকামও নাই তেমন। এই ঘাট তখন আছিল না। কেরানীগঞ্জের ওই দিকে ঘাট আছিল। দেখতাম চকবাজার, কেরানীগঞ্জ থাইকা লোকজন নৌকা দিয়া চরে মালামাল আনা-নেওয়া করত। এই কাজ আমিও শুরু করি। প্রথমে ভাড়া নৌকা চালাইতাম। এখনকার নৌকাটা আমার নিজের।’ বলছিলেন আয়নাল সরদার।

আয়নাল সরদার বলেন, ২০-২৫ বছর ধরে প্রতিদিন সকাল ছয়টায় নৌকা নিয়ে ঘাটে আসেন তিনি। কামরাঙ্গীরচরের মাদবর বাজার ঘাট থেকে কেরানীগঞ্জের বাড়িশুর ঘাটে যাতায়াত করা লোকজনকে আনা-নেওয়া করেন সন্ধ্যা পর্যন্ত। জনপ্রতি ভাড়া রাখেন ২০ টাকা করে। সারা দিনে ১৫-২০ বারের মতো আসা-যাওয়া করেন। দিন শেষে আয় হয় ৪০০ টাকার মতো।

আয়নাল সরদারের ছেলেমেয়ে বড় হয়েছে। মেয়েকে বিয়ে দিয়েছেন কয়েক বছর আগে। পাঁচজনের সংসারে স্ত্রী ছাড়াও আছেন ছেলে, ছেলের বউ ও তাঁদের এক সন্তান।

বয়স তো অনেক হয়েছে, নৌকা চালান, কষ্ট হয় না? জবাবে আয়নাল সরদার হেসে বলেন, ‘পেট তো আগে। ছেলেটা এখন রাজমিস্ত্রির কাজ করে। কিন্তু তাতে সংসারের পুরো খরচ চলে না। আমি কাজ করলে ছেলের উপর একটু চাপ কমে।’

আয়নাল সরদারের গল্প শুনতে শুনতে কেরানীগঞ্জের বাড়িশুর ঘাটে এসে পৌঁছায় নৌকা। এই ঘাটে নৌকার তেমন একটা ভিড় নেই। আয়নাল সরদার বলেন, ‘দুপুরে তেমন একটা ভিড় থাকে না। মানুষজন বেশি যাতায়াত করে সকাল আর বিকালে। আমার মতো আরও ৪০ জনের মতো মাঝি ছোট নৌকা চালায়। বিকাল হইলেই দ্যাখবেন ভিড় লাগছে।’

ভাড়া দিয়ে নৌকা থেকে নামার পর খালি নৌকায় বৈঠা হাতে বসে থাকেন আয়নাল সরদার। অপেক্ষা নতুন যাত্রীর জন্য।