'বোমা-গুলি মারলেও হোসেনি দালানে আসবই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কত আর বোমা-গুলি মারবে। বাপ-দাদা, মা-খালা চৌদ্দ গুষ্ঠি এখানে এসেছেন। মানত করেছেন। যতই গুলি মারুক, হোসেনি দালালে আমরা আসবই।’—গতকাল শুক্রবার বিকেলে পুরান ঢাকার হোসেনি দালানের সামনে দাঁড়িয়ে হাসিমুখে কথাগুলো বলছিলেন জাহিদ হোসেন। চল্লিশোর্ধ্ব এই মানুষটি ছুটির দিনগুলোতে সময় পেলেই এখানে চলে আসেন। কখনো একা, কখনো বা পরিবার নিয়ে।
গত ২৩ অক্টোবর দিবাগত রাতে পবিত্র মহরমের তাজিয়া মিছিলের আগে বোমা হামলার ঘটনাও জাহিদ হোসেনের মনে ভয় ধরাতে পারেনি। বোমার ভয়ভীতি কাটিয়ে জাহিদ হোসেনের মতো অসংখ্য ব্যক্তি প্রতিদিনই সাড়ে ৪০০ বছরের পুরোনো হোসেনি দালানে আসছেন। তাঁরা ভবন এলাকা ঘুরছেন, ইবাদত, দোয়া আর মানত করছেন।
গতকাল বিকেলে হোসেনি দালানের ইমাম বাড়া ভেতরে দেখা গেল শিশুরা ধর্মীয় আলোচনা করছে। বারান্দায় মন দিয়ে সেই আলোচনা শুনছিলেন তাদের মায়েরা। নিচে সিঁড়ির পাশে তখন মোমবাতি জ্বালিয়ে মানত করছিলেন আরও কয়েক জন নারী।
হোসেনি দালানের খাদেম সৈয়দ সালেম আলী প্রথম আলোকে বলেন, এখানে শুধু শিয়া সম্প্রদায়ের লোকেরা আসেন না। সুন্নিরাও আসেন নামাজ পড়তে, ইবাদত করতে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই আসেন।
পুলিশের তল্লাশির পরই এখন হোসেনি দালানে প্রবেশ করতে হয়। দক্ষিণ গেটটি বন্ধ থাকায় উত্তরের গেট দিয়ে দালানে আসা-যাওয়া করতে হচ্ছে। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি পর আর্চওয়ে দিয়ে ভেতরে আসতে হয় দর্শনার্থী, মুসল্লি সবাইকে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেনি দালানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্ক অবস্থান এক মাস ধরে রয়েছে। পুলিশ ছাড়াও র্যা বের টহল দল কিছু সময় পরপর এই এলাকা ঘুরে যায়। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও সব সময়ই অবস্থান করছেন।
হোসেনি দালানের উত্তর গেটে কথা হয় চকবাজার থানার সহকারী উপপরিদর্শক (এসএসআই) কাজী বখতিয়ার হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, তল্লাশি ছাড়া কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। গত বৃহস্পতিবার বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনার পর আরও সতর্কাবস্থায় রয়েছেন তাঁরা।