‘ভাগ্নে শামীম’ গ্রেপ্তার, অস্ত্র মাদক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান এলাকার অন্যতম সন্ত্রাসী শামীম ওরফে ‘ভাগ্নে শামীম’কে (৩৬) গ্রেপ্তার করেছেন র‌্যাব-৩-এর সদস্যরা। গত শনিবার রাতে পীর ইয়েমেনি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শামীম নিখোঁজ বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের ভাগ্নে। গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক ছিলেন শামীম।র‌্যাবের ভাষ্যমতে, শামীমের কাছ থেকে যুক্তরাষ্ট্র ও চীনের তৈরি দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর কাছ থেকে ৯০টি ইয়াবা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।গতকাল র‌্যাব-৩-এর টিকাটুলীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শামীমকে গণমাধ্যমের সামনে আনা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী।সংবাদ সম্মেলনে র‌্যাব দাবি করে, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেজর এমারাত হোসেন, মেজর এম এম শফিকুর রহমান ও ক্যাপ্টেন শরিয়ত উল্লাহর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করে। এ সময় কোমরের দুই পাশে দুই পিস্তল নিয়ে শামীম র‌্যাবকে প্রতিরোধের চেষ্টা চালায়। রাত আটটা থেকে রাত একটা পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করার পর র‌্যাব সদস্যরা কৌশলে তাঁকে ধরে ফেলে। ধস্তাধস্তির পর র‌্যাব সদস্যরা তাঁকে কাবু করতে সক্ষম হন।সম্মেলনে আরও বলা হয়, পীর ইয়েমেনি হোটেলের কর্মীরা র‌্যাবকে জানিয়েছেন, শামীম নিয়মিতই ওই হোটেলে যাতায়াত করতেন। হোটেলের নিবন্ধন খাতায় তিনি কখনো নাম লেখাতেন না। গত শনিবারও নিবন্ধন খাতায় তাঁর কোনো নাম পাওয়া যায়নি। পছন্দমতো কক্ষের চাবি নিয়ে তিনি যখন-তখন কক্ষে ঢুকে পড়তেন। শামীম মতিঝিল ও পল্টন এলাকার বিভিন্ন অপরাধীর কাছে অস্ত্রগুলো দিনপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকায় ভাড়া দিতেন।এ ছাড়া শামীম পুরান ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা কিনে গুলিস্তান এলাকায় তা সরবরাহ করতেন বলে জানায় র‌্যাব।