শেষ হলো প্রথম আলো এমজিবিএসডিসি বিতর্ক
‘মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের আন্দোলনে বেশি ভূমিকা রাখছে সাম্রাজ্যবাদী শক্তি’
‘গণমাধ্যম মূলত গণমানুষের অধিকার ও মতামত তুলে এনে জনমত গঠন করে। যা গণতন্ত্রের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখে। কিন্তু মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে গণমাধ্যমের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সাম্রাজ্যবাদী মৈত্রীশক্তি বেশি প্রভাবিত করছে। সেখানে তারা একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে পুতুল সরকার প্রতিষ্ঠা করছে।’গতকাল সোমবার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে ১১তম আন্তস্কুল বিতর্কের চূড়ান্ত পর্বের বিতার্কিকেরা এসব কথা বলে তাদের যুক্তি তুলে ধরে।গতকাল ছিল ছয় দিনব্যাপী প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার শেষ দিন। এবারের অনুষ্ঠানে ১১তম আন্তস্কুল বিতর্কের পাশাপাশি তৃতীয় শিশু ও দ্বিতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা হয়। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাব (এমজিবিএসডিসি) আয়োজিত ওই তিনটি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে গতকাল বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, আরববিশ্বে যে গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই চলছে, তা দীর্ঘদিনের অধিকারবঞ্চিত তরুণ প্রজন্মের স্বাভাবিক দাবি। বিশ্বায়নের এ যুগে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা আরও সহজে সারা বিশ্বকে জানতে পারছে এবং নিজেদের সমৃদ্ধ করছে।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম তরুণ প্রজন্মকে নিজেদের বদলে যাওয়ার মধ্যে দিয়ে সমাজকে বদলে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা যদি জ্ঞানভিত্তিক ও কর্মসংস্থানমূলক সমাজ গড়ে তুলতে না পারি তবে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে।মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন খান, এমজিবিএসডিসির মডারেটর শামীমা আক্তার ও সভাপতি এইচ এম সাবির নূর।এবারের তৃতীয় শিশু বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের বিতর্ক দল। রানার্সআপ হয়েছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের সদস্য আওসাফ আশরাফ ইনান। শিশু বারোয়ারি বিতর্কে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের রিজওয়ানুল ইসলাম প্রথম, সৈয়দ যোবায়ের ইসলাম প্রথম রানারআপ ও কেফায়েত আল ফেসান দ্বিতীয় রানারআপ হয়েছে।১১তম আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বিতর্ক দল চ্যাম্পিয়ন ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। বিজয়ী দলের সদস্য অমিত প্রামাণিক শ্রেষ্ঠ বক্তা হয়েছে। আর স্কুল বারোয়ারি বিতর্কে মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামিনা জাহান প্রথম, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের খন্দকার মুশফিকুর রহমান প্রথম রানারআপ ও অমিত প্রামাণিক দ্বিতীয় রানারআপ হয়েছে।দ্বিতীয় আন্তক্লাব বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম ডিবেটিং ক্লাব। রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ অব ডিবেটরস। শ্রেষ্ঠ বক্তা হয়েছে নটর ডেম ডিবেটিং ক্লাবের বিতার্কিক এহসানুর রহমান আবীর। ক্লাবপর্যায়ে বারোয়ারি বিতর্কে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের সাকিব বিন রশীদ প্রথম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাঈদ তাসনিম প্রথম রানারআপ এবং ঢাকা কলেজের নাহিয়ান বিন খালেদ দ্বিতীয় রানারআপ হয়েছে।এই বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালায় মূল প্রতিপাদ্য ছিল ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ’। অনুষ্ঠানে গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল এবিসি রেডিও ও দেশ টিভি। অনলাইন সহযোগিতায় ছিল www.prothom-alo.com।