‘মধ্যরাতের অশ্বারোহী’ দিগ্বিজয়ী হয়ে অস্ত গেলেন
‘মধ্যরাতের অশ্বারোহী দিগ্বিজয়ী হয়ে অস্ত গেলেন। নবজাগরণের কান্ডারি ছিলেন, স্বপ্ন দেখেছিলেন মানবমুক্তির। তিনি ফয়েজ আহ্মদ।’ বলেছেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ফয়েজ আহ্মদ স্মরণসভায় তিনি এসব কথা বলেন।এই স্মরণসভার আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।অনুষ্ঠানে ফয়েজ আহ্মদের ভাইয়ের মেয়ে ফারহানা মিঠু চাচার স্মৃতি ধরে রাখতে মুক্তিযুদ্ধ জাদুঘরে ১৯৭১ সালে ভারত সরকারের দেওয়া ফয়েজ আহ্মদের প্রেস অ্যাকটিভেশন কার্ড, মুজিবনগর সরকারের ভাষ্যকারের প্রত্যয়নপত্র ও ভারত সরকারের দেওয়া মুভমেন্ট অর্ডার জমা দেন। ফারহানা মিঠু বলেন, ‘তিনি শুধু আমার চাচা ছিলেন না, আমার পৃথিবীর পাঠশালার শিক্ষক ছিলেন।’অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ফয়েজ আহ্মদের অন্যতম বৈশিষ্ট্য, তিনি রাজনীতি আর সংস্কৃতি একমঞ্চে নিয়ে আসেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ফয়েজ আহ্মদের সম্পাদিত স্বরাজ পত্রিকার কার্যক্রম তুলে ধরেন।মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি কবি রবিউল হুসাইন বলেন, ‘১৯৮৭ সালে কবিতা পরিষদের প্রতিষ্ঠাতাদেরও অন্যতম ছিলেন ফয়েজ আহ্মদ। আমাদের সংস্কৃতিতে তাঁর অবদান প্রতিটি পরতে পরতে আছে, থাকবে।’