'মনের দরজা খোলা রাখো'
মনের দরজা খোলা রাখার আহ্বান জানিয়ে ফুলেল শুভেচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় আগের দিন অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কারও দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষাই একমাত্র শিক্ষা নয়। এর পাশাপাশি সেই জায়গাগুলোকে ধরতে হবে, যে জায়গাগুলো ধরলে আশপাশের অনেকেই উপকৃত হবে এবং তার জ্ঞানের দরজা খুলে যাবে। জ্ঞানের দরজা হলো চিন্তা, মানসিক চেতনা ও সমৃদ্ধির দরজা। যে দরজা দিয়ে অনবরত প্রবেশ করবে দখিনা বাতাস। সেই বাতাসে বসন্ত, বর্ষা ও শীত থাকবে।
অনুষ্ঠানের স্লোগান ছিল ‘নব নবীনের লাগি প্রদীপ ধরিয়া আঁধারের বুকে আমরা রয়েছি জাগি’।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রশ্ন করার জায়গা। প্রশ্ন না করলে একজন শিক্ষার্থী দুটি অপরাধ করে। একটি নিজের সঙ্গে, একটি জ্ঞানের সঙ্গে। দেশে এখন এক ভয়াবহ সংস্কৃতিহীনতা তৈরি হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সবাইকে চেষ্টা করতে হবে।
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি লিটন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি লাকী আক্তার। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভুল করলে এর মাশুল দিতে হয় সারা বাংলাদেশকে। তেমনিভাবে এখানকার শিক্ষার্থীদের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। সবাই মিলে ভেঙে দিতে হবে সব অন্যায়, সমুন্নত রাখতে হবে বাঙালির অতীত ইতিহাস। গত সোমবার অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গতকাল পুরস্কার বিতরণ করা হয়।