‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক প্রচারাভিযান শুরু
পারিবারিক কাজের ৮০ ভাগেরও বেশি সম্পন্ন করে নারী। কিন্তু তাদের এই কাজ মজুরিবিহীন। গবেষণা অনুযায়ী, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) নারীর অবদান ২০ শতাংশ। তবে নারীর গৃহস্থালির কাজের মূল্য যোগ করলে জিডিপিতে নারীর অবদান হবে ৪৮ শতাংশ। কিন্তু নারীর এ অবদানের স্বীকৃতি নেই।এ ধরনের পরিস্থিতি পরিবর্তনে ব্যাপক জনমত গড়ে তুলে সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টানো, নীতিনির্ধারকদের ওপর চাপ সৃষ্টি করে সরকারি পর্যায় থেকেই নারীর অবদানের স্বীকৃতি দেওয়া, নারীর অবদানের অর্থমূল্য পরিমাপ করে জিডিপিতে তা অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যকে সামনে নিয়ে শুরু হয়েছে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক প্রচারাভিযান।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এ প্রচারাভিযান শুরু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন, ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ প্রচারাভিযান উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে। গতকাল অন্য ছয়টি বিভাগীয় শহরে ও পার্বত্য চট্টগ্রামে একই সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন বছরব্যাপী এ প্রচারাভিযানের যাত্রা শুরু হয়েছে।সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এই প্রচারাভিযানের মাধ্যমে নারীর প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি তা পাল্টানোর চেষ্টা করা হবে। সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (অধিকার) রীনা রায় প্রচারাভিযানের ধারণাপত্র পড়ে শোনান। এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি রফিকুল ইসলাম, বেসরকারি সংস্থা ডি নেটের অনন্য রায়হান, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের মনিরা রহমান ও কোস্ট ট্রাস্টের রেজাউল করিম চৌধুরী বক্তব্য দেন।