‘মানবাধিকারের বুলি আওড়ানো বিলাসিতা ছাড়া আর কিছু নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, রাষ্ট্রের দিকনির্দেশক হিসেবে প্রধান ভূমিকায় থাকবে জনগণ। রাজনীতিকেরা দেশ চালাবেন না, দেশ চালাবে রাজনীতি। আর এই নীতিতে দেশের দর্শন, স্বপ্ন, গণতন্ত্রের ভাবনা, ন্যায়বিচার ও মানবাধিকারের কথা থাকতে হবে। এই নীতিকে অনুসরণ করে রাজনীতিকেরা কার্যক্রম পরিচালনা করবেন।মানবাধিকার, জনগণের দায়িত্ব, রাজনীতি ও রাজনীতিকদের ভূমিকা প্রসঙ্গে সুলতানা কামাল এ কথা বলেন।গতকাল সোমবার আসকের জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের বিষয়ক ব্যবহারিক পুস্তিকার প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সুলতানা কামাল। তিনি বলেন, এই পুস্তিকা মানবাধিকার আদায় ও রক্ষায় নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করবে।মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষ কেন, অনেক মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপাররা পর্যন্ত মানবাধিকার কমিশনের গুরুত্ব, দায়িত্ব বা আইন সম্পর্কে জানেন না। এই পুস্তিকা জ্ঞানের ভান্ডারের এই শূন্যতা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।মিজানুর রহমান বলেন, যে দেশে এখনো এত বৈষম্য, অস্পৃশ্যতা, সেখানে মানবাধিকারের বুলি আওড়ানো বিলাসিতা ছাড়া আর কিছু নয়। মানবাধিকারের যাত্রাকে আরও অনেক পথ পেরোতে হবে। তিনি বলেন, যত ভয়ই দেখানো হোক, মানবাধিকার কমিশনের যাত্রাকে কেউ দমাতে পারবে না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকেও কেউ পাল্টে ফেলতে পারবে না।আসকের উপপরিচালক সানাইয়া ফাহীম আনসারী জানান, চারটি অধ্যায়ে বিভক্ত পুস্তিকাটিতে মানবাধিকারবিষয়ক কিছু ধারণা, সংজ্ঞা, মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র-জনগণের দায়দায়িত্ব, জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কর্মপদ্ধতি এবং কমিশনে অভিযোগ দায়েরের নানা বিষয় তুলে ধরা হয়েছে। বিশেষত কোনো ব্যক্তির মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা নির্ধারণ করার উপায়, একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন কোন বিষয়ে কমিশনে অভিযোগ দায়ের করতে পারবে এবং মানবাধিকার কমিশনের এখতিয়ার বা ক্ষমতার বিষয় তুলে ধরা হয়েছে।