ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে বাংলাদেশের নাগরিকদের ভবিষ্যৎ রচনা করার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেছেন, দেশের মানুষ যখন সার্বভৌম হয়, তখনই নিশ্চিত হয় দেশের সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্ব অর্জন করতে হলে মানুষকে ইতিহাস ও ঐতিহ্যের ধারক হতে হবে।
গতকাল মঙ্গলবার ‘বর্তমানের দর্পণে ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন: নাগরিক চেতনা’ শীর্ষক জেনারেল এম এ জি ওসমানী তৃতীয় স্মারক বক্তৃতায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে এই বক্তৃতা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এম এ জি ওসমানী বৃত্তি ফান্ড।
স্মারক বক্তৃতায় সুলতানা কামাল বলেন, যে আত্মপরিচয়ের স্বীকৃতির দাবিতে বাংলাদেশের জন্মের শুরু, তার কারণেই নিগৃহীত হতে হয় তাঁদের অনেককে। ধর্মান্ধ, জঙ্গিগোষ্ঠীর দাপটে অনিরাপত্তাবোধের ছায়া ঘিরে ধরেছে মুক্তবুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রটিকে। সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন-এর হাল্লা রাজার দেশের মানুষের মতো এ দেশের মানুষেরও কথা বলা বন্ধ হওয়ার উপক্রম।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের একটি স্বার্থান্বেষী মহল নানাভাবে নানা সময়ে ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এদের ব্যাপারে ঐতিহাসিকদের সচেতন থাকতে হবে। ইতিহাস চর্চার মূল কথা সত্য ও সততা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৃত্তি ফান্ডের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক শিরীন হাসান ওসমানী। এর আগে ইতিহাস বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ১৯ জন শিক্ষার্থীকে বঙ্গবীর এম এ জি ওসমানী বৃত্তি, আঞ্জুমান মফিদুল ইসলাম বৃত্তি এবং ইতিহাস বিভাগ বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া বিভাগের আইটি সেন্টারের বিভিন্ন ব্যাচের সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের সনদ দেওয়া হয়।