‘মিরপুর মুক্ত দিবসের’ অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সংগঠন, নানা আয়োজন। তবে সবার মুখে একই উচ্চারণ—‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’। যারা মুক্তিযুদ্ধের সময় এ দেশের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, দেশের সম্পদ ধ্বংস করেছে, নারীদের ধর্ষণ করেছে, তাদের বিচার হবে না—এটা মেনে নেওয়া যায় না। গতকাল রোববার ছিল ৩৯তম ‘মিরপুর মুক্ত দিবস’। মুক্তির উত্সবে আনন্দের কোনো ঘাটতি ছিল না। ঢাকঢোল পিটিয়ে, বাদ্য বাজিয়ে, গান গেছে মিরপুরবাসী উদ্যাপন করেছে তাদের এ দিবস।২৬ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাদের সঙ্গে এ দেশের দোসরদের নির্মমতা সারা দেশে চলেছে ১৬ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু রাজধানীর মিরপুরবাসী এই অত্যাচার সয়েছে আরও দেড় মাস। ’৭২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মিরপুরবাসী বিজয়ের স্বাদ পেয়েছিল দেড় মাস পর। এ সময়ে মিরপুরে বসবারসত বিহারি, সাদা পোশাকে পরাজিত পাকিস্তানি সেনাবাহিনীর কিছু সেনা ও এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যরা বাঙালি নিধন করেছে, চালিয়েছে নির্যাতন। মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম নামের একটি সংগঠন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে। মূলত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারাই সার্বিক আয়োজনে ছিলেন। ফোরাম সকাল থেকে মিরপুরের মূল সড়কের ২০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে একযোগে প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বিকেলে মিরপুর ১ নম্বরের মাজার রোড থেকে একটি শোভাযাত্রার আয়োজন করে তারা। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রায় বর্ণিল সাজে সাজানো হয়েছিল হাতি, ঘোড়া, ঘোড়ারগাড়ি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও উল্লেখযোগ্যসংখ্যক নারী শোভাযাত্রায় অংশ নেন। মিরপুর ১২ নম্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে অংশগ্রহণকারীরাও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বেলা তিনটায় মিরপুর ১ নম্বর সেকশন গোলচত্তরের পাশে মিসকু সুপার মার্কেট প্রাঙ্গণে সমাবেশ করে। এ সমাবেশেও বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবি জানান। নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ করতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এত দিন যে তাদের বিচার হয়নি, সে জন্য একাত্তরের শহীদদের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে।’সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে বলেই আমরা দায়মুক্ত হয়ে যাইনি। রাজাকার-আলবদররা এখনো সদর্পে ঘুরে বেড়াচ্ছে। যদি মার্চ মাস থেকে এদের বিচার শুরু না হয়, তাহলে আমরা রাস্তায় নামব।’সমাবেশ শেষে শোভাযাত্রা করে মিরপুরের রাইনখোলা বধ্যভূমিতে গিয়ে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন নির্মূল কমিটির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার, ’৭২-এর সংবিধানের পুনঃপ্রবর্তন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাসহ নানা দাবিতে প্লাকার্ড বহন করেন।মুক্তিযুদ্ধ জাদুঘর বিকেল সাড়ে চারটায় মিরপুর ১০ নম্বর সেকশনের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। সবুজ মেলা নামের একটি সংগঠন বিকেলে মিরপুর-২-এর ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। সব অনুষ্ঠান ও আলোচনায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিই মুখ্য হয়ে ওঠে।