‘মুক্তিযুদ্ধের কথা শোনো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ৩০ আগস্ট আজাদ নামের এক তরুণকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হায়েনারা। পরদিন অনেক খোঁজাখুঁজির পর মা সাফিয়া বেগম তাঁর সন্ধান পান রমনা থানায়। সারা শরীরে পাশবিক নির্যাতনের চিহ্ন নিয়ে ক্ষুধার্ত আজাদ মায়ের কাছে আকুতি জানান, ‘মা, পরের বার দেখতে আসলে আমার জন্য ভাত নিয়ে এসো।’ পরের দিন ভাত নিয়ে থানায় যান সাফিয়া বেগম। কিন্তু আর সন্ধান পাননি ছেলের। দেশ স্বাধীন হয়, কিন্তু সাফিয়া বেগম আর ভাত মুখে নিতে পারেননি। ক্ষুধার্ত সন্তানকে অন্ন দিতে না পারার দুঃখ নিয়ে ১৪ বছর ভাত না খেয়ে ১৯৮৫ সালে মারা যান তিনি। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের প্রাঙ্গণে সমবেত শিক্ষার্থীরা গল্পটি শুনছিল চুপচাপ। যেন তারা ফিরে গিয়েছে সেই রক্তমাখা একাত্তরে। তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়ে অসাম্প্রদায়িক দেশ গঠনে উদ্বুদ্ধ করতে ‘মুক্তিযুদ্ধের কথা শোনো’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ইউলেসা)। এতে উপস্থিত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণা করেন। এর আগে ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নতুন প্রজন্মের তরুণদের হাতে তুলে দেওয়ার প্রতীকী আয়োজন। জীবন দিয়ে হলেও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা ও লাখো শহীদের রক্তে রঞ্জিত লাল-সবুজ পতাকা রক্ষার প্রতিজ্ঞা করেন তাঁরা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে পাবনার নারী মুক্তিযোদ্ধা শিরীন বানু স্মৃতিচারণা করে বলেন, ‘আমার দুই ভাই জিনান ও জিনদান যুদ্ধ করতে যাওয়ার জন্য যখন আমার কাছ থেকে বিদায় নিচ্ছিল, তখন আমার খুব কষ্ট লাগছিল। নারী হওয়ার কারণে আমি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারছিলাম না। পরে জিনদান আমাকে বলল, “আপু, তুমি তো প্রীতিলতার মতো ছেলেদের পোশাক পরে আমাদের সঙ্গে যুদ্ধে যেতে পারো।” তখন সঙ্গে সঙ্গে শার্ট, প্যান্ট আর জুতা পরে যুদ্ধে যাই।’ প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী বলেন, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে দেশের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে জাগরণী গান পরিবেশন করেন শব্দসৈনিক রথীন্দ্রনাথ রায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা বানু, ইউলেসার সভাপতি নাঈম আহমেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সাগর লোহানী প্রমুখ বক্তব্য দেন।