‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই কেবল এ দেশে বাস করবে’
‘যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সর্বস্তরের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যারা প্রকৃত যুদ্ধাপরাধী, দোসর এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় আছেন তাঁদেরও যুদ্ধাপরাধী আইনের আওতায় বিচার করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই কেবল এ দেশে বাস করবেন; রাজাকার, আলবদর কিংবা আলশামসরা নয়।’গতকাল বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধীদের বিচারবিষয়ক এক মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ফোরামের নেতারা এসব কথা বলেন। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে কে ফোর্সের সাব-সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীর প্রতীক বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধাগণ যেভাবে আত্মত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করেছি, সেভাবে এ প্রজন্মকে এই মহান দায়িত্ব নিতে হবে। যুদ্ধাপরাধীদের দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে।’মুক্তিযুদ্ধে এস ফোর্সের অধিনায়ক ও ৩ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম বলেন, ‘সকল প্রকার যুদ্ধাপরাধী, সে যে দলেরই হোক না কেন, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী, ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত, বীর উত্তম ও ৮ নম্বর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী।