‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ গ্রন্থের প্রকাশনা
নিজের জীবনে ফেলে আসা দীর্ঘদিনের নানা ঘটনা গল্পের মতো করে তুলে এনেছেন তিনি। প্রকাশিত হয়েছে গ্রন্থাকারে। মুক্তিযুদ্ধের স্মৃতি নামের এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হলো গতকাল রোববার বিকেলে পুরানা পল্টনের মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের তাজুল মিলনায়তনে। বইটি লিখেছেন হাসনা বানু। এটি তাঁর প্রথম বই। সম্প্রতি প্রকাশিত হয়েছে দারুচিনি প্রকাশনী থেকে। প্রচ্ছদ এঁকেছেন মনন মুর্শেদ।প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি রুবি রহমান। আলোচনা করেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক, রাশেদা খানম, ফওজিয়া মোসলেম ও কাজী সুফিয়া আক্তার। সভাপতিত্ব করেন স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত।হাসনা বানু পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। সেই সূত্রে স্বাধীনতার পর সরকারের নেওয়া যুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসন প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছেন। সে সময় নির্যাতিত নারীদের দুর্বিষহ অভিজ্ঞতা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। পরে তিনি দেশের নারী আন্দোলনে যুক্ত হয়েছেন। বর্তমানে কাজ করছেন বাংলাদেশ মহিলা পরিষদের সহসভানেত্রী হিসেবে। এই বিষয়গুলো এসেছে তাঁর বইয়ে। তিনি সাতটি শিরোনামে বিভিন্ন ঘটনার বর্ণনা করেছেন। এগুলো হলো: মুক্তিযুদ্ধের স্মৃতি, একাকিত্ব, ফরিদপুরের ফরিদা, অন্তরালে, অনিশ্চিত যাত্রা, ভালোবাসার কাঙাল ও বাঁধন।আলোচকেরা বলেন, ৭৫ বছর বয়সে এসে হাসনা বানু এই বইয়ের মধ্য দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন। এটি অত্যন্ত প্রশংসনীয় বিষয়। তিনি গল্পের মতো করে মুক্তিযুদ্ধে তাঁর অভিজ্ঞতা এবং মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের অভিজ্ঞতা সহজ-সাবলীল ভাষায় তুলে ধরেছেন। আলোচকেরা বলেন, ‘আমরা সাধারণত পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে সমাজের বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে থাকি। কিন্তু এই বইয়ে পুরো ঘটনা হাসনা বানু তুলে ধরেছেন একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে। বেইজিংয়ের আন্তর্জাতিক নারী সম্মেলনে নারীর চোখে বিশ্ব দেখার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা এই বইয়ে বর্ণিত ঘটনার সঙ্গে সাযুজ্যপূর্ণ। ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার কারণে বিষয়গুলো নতুন মাত্রা পেয়েছে।’