‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা খালেদা জিয়ার তামাশা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার নামে তাঁদের সঙ্গে ‘তামাশা’ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।গতকাল বুধবার ১৪ দলের বৈঠকে তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন। তিনি বলেন, খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোট করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য আন্দোলন করছেন। আবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছেন। এটা তামাশা ছাড়া আর কিছুই নয়। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে ২২ ডিসেম্বর ১৪ দল ঘোষিত গণমিছিল কমর্সূচি সফল করার লক্ষ্যে গতকাল বিকেলে জাসদ কার্যালয়ে ১৪ দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন কেন্দ্রীয়ভাবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে গণমিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে। এ কর্মসূটি সফল করার জন্য তোফায়েল আহমেদ দেশবাসীর প্রতি আহ্বান জানান।সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমু দাবি করেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর নামে বিএনপি যা করছে, তাতে প্রমাণিত হয়, তারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছে।’‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক পদত্যাগ করার ফলে যুদ্ধাপরাধীদের বিচার শেষ হয়ে গেছে’ বলে মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আসলে বিএনপি চায় না যুদ্ধাপরাধীদের বিচার হোক। তারা যুদ্ধাপরাদীদের বিচার বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে।জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে বৈঠকে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান প্রমুখ।‘জামায়াতের সঙ্গ ছাড়ুন’: জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে বিরোধীদলীয় নেতাকে রাজনীতি থেকে বিদায়ের জন্য প্রস্তুত হতে বলেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘হয় জামায়াতের সঙ্গ ত্যাগ করুন, না হলে আপনিও বিদায়ের জন্য প্রস্তুত হোন।’ গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউর জাসদ কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক মতবিনিময় সভায় হাসানুল হক ইনু এই আহ্বান জানান।