‘মেডিটেশন ও সম্মোহন নিয়ে প্রতিশ্রুতি বিভ্রান্তিমূলক’
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা প্রবীর ঘোষ বলেছেন, মেডিটেশন ও সম্মোহনের মাধ্যমে কতকগুলো শারীরিক ও মানসিক বিষয় নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু অলৌকিক কিছু করা যায় না।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘মেডিটেশন ও সম্মোহন: বিভ্রান্তি ও বিজ্ঞান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। মেডিটেশন ও সম্মোহনবিষয়ক বিভ্রান্তি দূর করতে এ সেমিনারের আয়োজন করে বিজ্ঞান চেতনা পরিষদ।প্রবীর ঘোষ বলেন, মেডিটেশন হলো এক ধরনের বিজ্ঞানসম্মত শিথিলায়ন পদ্ধতি। এ পদ্ধতি ব্যবহারে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো বিশ্রাম নেয়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ, দুশ্চিন্তা কমানো, আত্মবিশ্বাস বা মনোযোগ বাড়ানো সম্ভব হয়। তিনি আরও বলেন, সম্মোহন হলো মস্তিষ্কে ধারণা সঞ্চার করা। এর ফলে মস্তিষ্ক উত্তেজিত হয়। তখন যদি সে উত্তেজনার সহনশীলতা ওই ব্যক্তির না থাকে, তবে সে সম্মোহিত হয়। আর এভাবেই মানুষকে সম্মোহিত করে মৃত আত্মা আনা বা ওই ধরনের নানা প্রতারণা করা হয়।প্রবীর ঘোষ বাংলাদেশের একটি ফাউন্ডেশনকে উদাহরণ হিসেবে দেখিয়ে বলেন, তারা বিজ্ঞানের বিভিন্ন তথ্য-উপাত্ত ভুলভাবে উপস্থাপন করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তারা প্রতারণার শিকার হচ্ছে। সেমিনারে বিজ্ঞান চেতনা পরিষদের সদস্য ইমদাদুল হক মেডিটেশন ও সম্মোহন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও তাদের দেওয়া প্রতিশ্রুতিকে বিভ্রান্তিমূলক উল্লেখ করে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।বিজ্ঞান চেতনা পরিষদের আহ্বায়ক নূরুননবী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের শেষাংশে দর্শক-শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দেন প্রবীর ঘোষ।