‘ম্যালেরিয়ায় মৃত্যুহার কমলেও রোগের ঝুঁকি কমেনি’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, বাংলাদেশের ১০ দশমিক ৯ মিলিয়ন মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে আছে। দেশের ১৩টি জেলা মারাত্মক ঝুঁকিতে। মোট ম্যালেরিয়া রোগীর শতকরা ৯৫ ভাগই রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলায়। এ ছাড়া শতকরা ৮০ ভাগ রোগী মারা যায় রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ও কক্সবাজারে।গতকাল বুধবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ তথ্য দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের গ্যালারি-১-এ যৌথভাবে এর আয়োজন করে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।সেমিনারের প্রধান অতিথি অধ্যাপক এম এ ফয়েজ বলেন, ‘ম্যালেরিয়া প্রতিরোধে আমরা সফলতা অর্জন করলেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ সাফল্য ধরে রাখার জন্য আরও উন্নত গবেষণা ও অর্থায়ন দরকার।’সেমিনারে সভাপতিত্ব করেন এইচ এ এম নাজমুল আহসান। বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, মো. ইসমাইল খান, রিদওয়ানুর রহমান, খান আবুল কালাম ও মো. টিটু মিয়া। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অনুপ কুমার সাহা।ম্যালেরিয়া দিবস উপলক্ষে জাতীয় ম্যালেরিয়া দিবস উদ্যাপন কমিটি রাজধানীতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।