‘যুদ্ধাপরাধীদের বিচার না হলে পাপবোধ থেকে মুক্তি নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৪০ বছর ধরে আমাদের হূদয়ে রক্ত ঝরছে। কিন্তু আমরা বিচার পাইনি। আজ যখন বিচারের কথা উঠেছে, তখন একটি গোষ্ঠী এর বিরোধিতা করছে। এই কি ত্যাগের পুরস্কার? এই কি মানবতা?’প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ অধ্যাপক গিয়াসউদ্দীন আহমেদের বোন হামিদা বানুর। জাতির উদ্দেশে তিনি এই প্রশ্ন রেখেছেন স্বাধীন দেশের একজন নাগরিক এবং শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্ব্বরে জড়ো হয়েছিলেন বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। তাঁদের অশ্রুসিক্ত কণ্ঠের বেদনাদায়ক স্মৃতি রোমন্থনে শীতের সন্ধ্যায় তৈরি হয় শোকাবহ পরিবেশের। ক্ষতবিক্ষত হূদয়ে যুদ্ধাপরাধীদের বিচারের তীব্র আকুতি জানান তাঁরা। তাঁরা বলেন, বিচার না হলে পাপবোধ জাতিকে কুরে কুরে খাবে।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ওই সভার আয়োজন করে। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, বুদ্ধিজীবীদের সন্তানদের রক্তক্ষরণে জাতি জর্জরিত। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বাংলাদেশেও এদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল অনেক দেশের চেয়ে স্বচ্ছ। কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়ে যারা প্রশ্ন তুলেছে, তাদের জাতি কখনো ক্ষমা করবে না। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি সেলিনা খালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, মুক্তিযোদ্ধা ম. হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি খন্দকার বজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির, শহীদ বুদ্ধিজীবী শিক্ষক রাশিদুল হাসানের কন্যা রোকেয়া হাসিন, শহীদ বুদ্ধিজীবী শিক্ষক আবুল খায়েরের কন্যা হুমায়রা ইয়াসমিন প্রমুখ।