‘যুদ্ধাপরাধীদের বিচারে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারকাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে ‘বিদেশে পালিয়ে থাকা জাতির জনকের খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর ও যুদ্ধাপরাধীদের অতি দ্রুত বিচার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।ভূমিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় অতন্দ্র প্রহরীর মতো মুক্তিযোদ্ধারা জাগ্রত ছিলেন। এবার যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও তাঁদের একইভাবে জাগ্রত থাকতে হবে। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে তাঁদের বিচার ও ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার অতি দ্রুত শুরু হবে বলে জানান তিনি।সংগঠনের চেয়ারম্যান ইকবাল-ঈ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ।