'যেই দেবরকে খাওয়াইছি ওই আমারে কোপাইল'
‘যেই দেবরকে খাওয়াইছি, ওই আমারে কোপাইল। আল্লাহ মনে হয় আমারে প্রতিবন্ধী পোলাডার জন্য বাঁচাইয়া রাখছে।’ গতকাল শুক্রবার কথাগুলো বলছিলেন দেবরের রামদায়ের কোপে দুই পা হারানো গৃহবধূ সালমা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শ্বশুর একটু বেশি আদর করেন সালমাকে। তাই বেশি জমি লিখে দিয়েছেন তাঁর স্বামী শামসুল হক ব্যাপারীকে। এ কারণে ২৫ অক্টোবর মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে শ্বশুরবাড়িতে সালমাকে কোপান দেবর রেজাউল ব্যাপারী। তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রথমে ফরিদপুর হাসপাতালে, এরপর ঢাকার পঙ্গু হাসপাতাল হয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তিন সন্তানের জননী সালমার। তাঁর কাটা দুটি পা আর বিচ্ছিন্নপ্রায় ডান হাতটি ব্যান্ডেজে বাঁধা। যন্ত্রণায় তিনি ছটফট করেন। তীব্র যন্ত্রণায় গতকাল সকালে তিনি জ্ঞান হারান। ইনজেকশন দিয়ে ব্যথা কমানোর পর তাঁর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই কাঁদতে থাকেন তিনি। পাশে থাকা বড় বোন রাশিদা বেগম ও মেজো বোন মাহমুদা বেগম তাঁকে শান্ত করার চেষ্টা করেন।
রাশিদা বলেন, ‘হুঁশ হইলেই কান্নাকাটি করে। কইতে থাকে আমার সংসারের কী হইব। আমার পোলাপানের কী হইব।’ এ সময় সালমা দাঁত চেপে বলেন, ‘কোপানোর সময় আমি ওর (রেজাউল) পা ধইর্যাঞ কই, ভাই আমারে কোপাইস না।’
মাহমুদা বলেন, সালমার শ্বশুর তাঁর স্বামীরে জমি বেশি দেননি। ভিটেবাড়ির জায়গা থেকে সালমার ভাশুর ও স্বামীকে ১২ শতাংশ করে এবং এক বোনকে ৫ শতাংশ লিখে দেওয়া হয়। অন্য বাড়ির জায়গা ছোট দেবরকে লিখে দেওয়া হয়। এ জন্য রেজাউল সালমাকে কুপিয়েছেন। তিনি বলেন, ১৪ বছর বয়সে সালমার বিয়ে হয়। তখন থেকে রেজাউল সালমার পরিবারের সঙ্গে ছিলেন। কিছুদিন গ্রিসে ছিলেন তিনি। দেশে ফিরেও ভাইয়ের সঙ্গে খাওয়াদাওয়া করতেন রেজাউল। দেড় বছর আগে তিনি বিয়ে করে আলাদা হন।
শক্ত খাবার খেতে গেলে ব্যথা বেড়ে যায় সালমার। তাই দু-এক চামচ ফলের রস দেওয়া হচ্ছে তাঁকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক এ জেড এম মোস্তাক হোসেন প্রথম আলোকে বলেন, কৃত্রিম পা না লাগালে সালমা চলতে পারবেন না। এর আগে তাঁকে দীর্ঘদিন চিকিৎসা করাতে হবে। ঘা শুকালে বোঝা যাবে তাঁর ডান হাত কাজ করবে কি না।
এ ঘটনায় করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রেজাউল পলাতক জানিয়ে রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, মামলার তিন আসামি আবদুল হক ব্যাপারী, রেজাউল ও এলিনা বেগমকে ধরতে মাদারীপুরসহ কয়েকটি জেলায় অভিযান চালানো হচ্ছে।