‘রমজানে পানির সমস্যা হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে ঢাকা ও নারায়ণগঞ্জে পানি সরবরাহে কোনো সমস্যা হবে না। কোনো এলাকায় সমস্যা দেখা দিলেও তা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। গত বছরের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে এসব কথা জানান। তিনি বলেন, রমজান মাসে গ্রাহকের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় পানি সরবরাহে প্রতিটি জোন ও এসওসি বিভাগের ১২টি অভিযোগ কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা থাকবে। বিশেষ করে, প্রতিটি মসজিদের ইমামের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ওয়াসা। তাদের কাছ থেকে পাওয়া অভিযোগগুলো সমাধান করা হয়েছে। তার পরও পানি সরবরাহে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ওয়াসার এলাকাভিত্তিক কর্মকর্তারা তার সমাধান দেবেন।ওয়াসার এমডি জানান, স্বাভাবিক পানি সরবরাহের পাশাপাশি রমজান মাসে বিভিন্ন স্থানে ৩০টি পানির গাড়ি ও ৪০টি ট্রলি সব সময় প্রস্তুত থাকবে। কোনো স্থানে হঠাৎ করে পানির সংকট দেখা দিলে এসব পানির গাড়ি ও ট্রলি সেখানে পৌঁছে যাবে। এ ছাড়া ইফতার ও সেহিরর সময় পথচারীদের পানির চাহিদা মেটাতে ব্যস্ত রাস্তার পাশে ও বাস টার্মিনালে প্লাস্টিক পানির ট্যাংক রাখা হবে।ঢাকায় বর্তমানে দৈনিক ২২৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে গড়ে ২১০ কোটি লিটার পানি সরবরাহ করে ওয়াসা। রমজানে পানির চাহিদা এর চেয়ে বেশি বাড়বে না বলে মনে করছে ওয়াসা কর্তৃপক্ষ।