‘রাষ্ট্রপক্ষের ব্যর্থতায়’ ১৯ বছর পর সন্ত্রাসী বিকাশসহ ছয়জন খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাসসহ ছয় আসামিকেই বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা পলিটেকনিক কলেজের ছাত্র শরীফ হত্যা মামলায় এ রায় দেওয়া হয়।আইনজীবীদের অভিযোগ, রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ার কারণে আসামিরা খালাস পেয়েছেন।১৯৯১ সালের ১১ এপ্রিল এক বন্দুকযুদ্ধে নিহত হন দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শরীফ। এ ঘটনায় মামলা দায়েরের ১৯ বছরেও রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষী হাজির করতে পারেনি। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ইসমাইল হোসেন গত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। কিন্তু রায়ের বিষয়টি প্রথমে গোপন রাখা হয়। রোববার এই রায়ের কথা জানাজানি হলে আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।সংশ্লিষ্ট আদালতের পেশকার ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে সাক্ষীর অভাবে ঝুলে ছিল। আসামি মনির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেন। আদালতে ঝুলে থাকা অন্য মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের আদেশের কথা জিজ্ঞেস করলে পেশকার নিরুত্তর থাকেন।মামলার রায়ের অনুলিপি চাইলে পেশকার বলেন, নথি বিচারকের খাসকামরা থেকে এনে দেখানো যাবে না। তিনি সাংবাদিকদের রায়ের তথ্য মৌখিকভাবে জানিয়ে বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামিদের খালাস দেওয়া হয়েছে।বিকাশ ছাড়া খালাস পাওয়া ব্যক্তিরা হচ্ছেন মিজানুর রহমান খান ওরফে মিজান, মিজানুর রহমান ওরফে রিপন, মো. ফারুক, আবদুল জব্বার ওরফে মুন্না ও মনির হোসেন। অভিযোগপত্রভুক্ত আরেক আসামি শাকিল মাহমুদ বিচার চলাকালে মারা যান।নথিপত্রে দেখা যায়, মামলায় ২৭ জনকে সাক্ষী করা হয়েছিল। কিন্তু বাদী ও তদন্ত কর্মকর্তাসহ মাত্র তিনজনের নেওয়া সাক্ষ্যের ভিত্তিতেই রায় দেওয়া হয়। এর মধ্যে হাইকোর্টের নির্দেশের পর তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আকতারুজ্জামান আদালতে সাক্ষ্য দেন।অভিযোগপত্রভুক্ত আসামি মিজান ও রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বিকাশসহ অন্য আসামিদের জড়িত থাকার কথা বলেছিলেন। পরে মিজান ও রিপন জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান। আসামি মনিরও জামিনে মুক্ত এবং বিকাশ কারাগারে আছেন। বাকি আসামিরা গ্রেপ্তার হননি।অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহমুদা আকতার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশের কারণে মামলার সাক্ষ্য সমাপ্ত করে বিচারকাজ নিষ্পত্তি করতে হয়েছে। রাষ্ট্রপক্ষের ব্যর্থতা সম্পর্কে মাহমুদা আকতার বলেন, সাক্ষীদের আদালতে হাজির হওয়ার পরোয়ানা দেওয়া হয়েছে। সাক্ষীর পরোয়ানাসংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা পড়েছিল কি না, এ বিষয়ে অতিরিক্ত কৌঁসুলি কিছু বলতে পারেননি। মাহমুদা আকতার বলেন, ‘আদালতের নথি না দেখে কিছু বলতে পারব না। এ ব্যর্থতার দায়ভার শুধু আমাদের নয়, আগের সরকারের আমলের রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরও রয়েছে।’