‘রায় কার্যকর না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে’
যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডব বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।গতকাল সোমবার রাজধানীতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ গতকাল বিকেলে নগরের ২৪টি স্থানে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।আওয়ামী লীগের রমনা থানা আয়োজিত সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘যত দিন যুদ্ধাপরাধীদের রায় কার্যকর না হবে, তত দিন পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে থাকবেন। যুদ্ধাপরাধের বিচার করার জন্য জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আজ জাতীয় দাবি।’নিউ ইস্কাটন রোডে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে আয়োজিত এই সমাবেশে আরও বক্তৃতা করেন গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।একই দাবিতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। যুবলীগ গতকাল সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক মতবিনিময় সভা করে। সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, জামায়াত-শিবির চক্র পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের ওপর বর্বর আক্রমণ চালাচ্ছে। তাদের প্রতিরোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি খালেদা জিয়ার ছত্রছায়ায় দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সারা দেশের যুবসমাজকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কর্মজীবী নারীর মানববন্ধন: একই দাবিতে বেসরকারি সংগঠন কর্মজীবী নারী গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা ও জাসদের নেতা শিরীন আখতার বলেন, দেশবাসী যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার, তখন জামায়াত-শিবির সারা দেশে তাণ্ডব চালাচ্ছে।কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, নির্বাহী সদস্য কাজী সিদ্দিকুর রহমান প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। কর্মসূচি থেকে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও সাম্প্রদায়িকতাবিরোধী আইন করার দাবি জানানো হয়।পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করাসহ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে। কিন্তু জামায়াত-শিবির সারা দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে। এমন অবস্থায় মার্কিন রাষ্ট্রদূত আলোচনায় বসার যে আহ্বান জানিয়েছেন, তা নিঃসন্দেহে অনভিপ্রেত ও অযৌক্তিক।