‘রূপসী বাংলা’র সংস্কার শুরু আগামী বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ তারকা হোটেল ‘রূপসী বাংলা’র সংস্কার শুরু হচ্ছে আগামী বছরের মাঝামাঝি। ৩১২ কোটি টাকা ব্যয়ে এ সংস্কারকাজ শেষ হবে ২০১৫ সালের ডিসেম্বরে। এ সময় হোটেলের কার্যক্রম বন্ধ থাকলেও কারও চাকরি যাবে না।গতকাল বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কার প্রকল্পের পরিচালক ক্রিস্টোফার ক্রিব।সংস্কারকাজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে প্রকল্পের পরিচালক বলেন, কাজ শেষে হোটেলের বর্তমান কক্ষসংখ্যা ২৭৭ থেকে ২৩১-এ নেমে আসবে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের সঙ্গে চুক্তি হওয়ায় তাদের ব্র্যান্ড অনুযায়ী হোটেলটি আবার ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নামে পরিচিত হবে।সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) মালিকানাধীন এই হোটেল ১৯৬৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল হোটেলস করপোরেশনের পরিচালনায় ছিল। ১৯৮৪ সালে এটি পরিচালনার দায়িত্ব পায় শেরাটন ব্র্যান্ডের মালিক স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্ট ওয়ার্ল্ডওয়াইড। স্টারউডের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ২০১১ সালের ১ মে থেকে হোটেলটি ‘রূপসী বাংলা’ নামে চালানো হচ্ছিল।সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের আগে ও পরের ঘটনার কারণে হোটেলটির ঐতিহাসিক ভূমিকা ও গুরুত্ব রয়েছে। সংস্কার কার্যক্রমে সেই ঐতিহ্য সমুন্নত রাখা হবে। শুধু অতিথিদের আরও সুবিধা-সেবা দিতে কিছু বাড়তি কাজ সম্পন্ন করা হবে।মালিকানা প্রতিষ্ঠান বিএসএলের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের কারণে সংস্কারকাজ পেছানো হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রকল্পের পরিচালক জানান, সংস্কারকাজের সময়ে হোটেলের সব স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর চাকরি থাকবে। তাঁরা বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। তবে সংস্কারকাজে নিয়োজিত ছাড়া অন্য ব্যক্তিদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাময়িক স্থানান্তর ও বিভিন্ন দেশে আইএইচজির পরিচালিত হোটেলে সাময়িকভাবে নিয়োগ ও প্রশিক্ষণে পাঠানো হবে।এ সময় বিমানসচিব খুরশেদ আলম চৌধুরী, রূপসী বাংলার জেনারেল ম্যানেজার জেমস ম্যাকডোনাল্ডসহ পর্যটন খাতসংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।