‘রোড টু সুন্দরবন’ শুক্রবার শুরু হচ্ছে
দেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন ও সুন্দরবন সম্পর্কে আগ্রহ সৃষ্টির লক্ষ্য নিয়ে আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে প্রিয়াব-পর্যটন রোড শো ‘রোড টু সুন্দরবন-২০১০’। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্রিয়াব) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন যৌথভাবে এই রোড শোর আয়োজন করতে যাচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান দুটি গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। শুক্রবার কক্সবাজার সমুদ্রসৈকতে উদ্বোধনের পর চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, গোপালগঞ্জ, বাগেরহাট, সমুদ্রবন্দর মংলা হয়ে রোড শোটি খুলনায় ২ অক্টোবর শেষ হবে। নয় দিনব্যাপী এই আয়োজনে মেলা, শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আয়োজকেরা জানান, ‘পর্যটন ও জীববৈচিত্র্য’ স্লোগান নিয়ে ২৭ সেপ্টেম্বর সারা দেশে পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববাসীর পাশাপাশি দেশের মানুষকে পর্যটনের প্রতি আকৃষ্ট করতে, সুন্দরবন সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে এবং জীববৈচিত্র্যের বিপুল ভাণ্ডার যেন বিলুপ্ত না হয়, সেই সম্পর্কে সচেতনতা তৈরি ও সংরক্ষণে উদ্বুদ্ধ করতে এই রোড শোর আয়োজন করা হচ্ছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার, প্রিয়াবের সভাপতি এম এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক এম এলাহী শিমুল প্রমুখ।