‘শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়’
‘শক্তি দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। নিরহংকার ও নির্মোহ দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করার মধ্য দিয়েই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, লোভ-লালসা, উচ্চাভিলাষ, অহমিকাবোধ ও আধিপত্যবাদী মনোভাব পরিবার, সমাজ, রাষ্ট্র তথা বিশ্বে অশান্তি সৃষ্টি করছে। তাই এ ধরনের প্রবৃত্তি থেকে নিজেদের বিরত রাখতে হবে।অনুষ্ঠানে বিভাগের ফাউন্ডেশন ডে ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য এম গোলাম রহমানের সভাপতিত্বে ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের সমঝোতার বর্তমান অবস্থা’ (Current State on UN Climate Change Negotiations) শীর্ষক বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্ড ওলিং। বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে। ফলে বাংলাদেশে বন্যা বেড়েছে ২০ থেকে ৪০ শতাংশ। জমিতে লবণাক্ততার হারও বেড়েছে। এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ ৭ থেকে ৮ শতাংশ ভূমি হারাবে। তিনি জলবায়ু পরিবর্তনের এ ধারা নিয়ন্ত্রণে উন্নত ও উন্নয়নশীল সব দেশের সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, ডালেম চন্দ্র বর্মণ, মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।সেমিনার শেষে ‘হাসিতেই শান্তির সূচনা’ এই স্লোগান সামনে রেখে শান্তি শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।