'শিল্পকে তাৎক্ষণিক বিচার করা ঠিক হবে না'

‘শহুরে গায়েন’-এর প্রথম অ্যালবাম ‘তোমার জন্য থামি’র মোড়ক উন্মোচন করা হয় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। মোড়ক উন্মোচন করেন সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানো কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা, বাবা রফিউর রাব্বিসহ অতিথি ও দলটির শিল্পীরা। বাংলামোটর, ঢাকা, ৫ এপ্রিল। ছবি: দীপু মালাকার
‘শহুরে গায়েন’-এর প্রথম অ্যালবাম ‘তোমার জন্য থামি’র মোড়ক উন্মোচন করা হয় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। মোড়ক উন্মোচন করেন সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানো কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা, বাবা রফিউর রাব্বিসহ অতিথি ও দলটির শিল্পীরা। বাংলামোটর, ঢাকা, ৫ এপ্রিল। ছবি: দীপু মালাকার

‘জীবনানন্দ দাশের ঘনিষ্ঠজন ছিলেন কবি বুদ্ধদেব বসু। জীবনানন্দের মৃত্যুর পর বুদ্ধদেব একটি স্মরণিকা প্রকাশের জন্য কবি সুধীর দত্তের কাছে লেখা চান। তখন সুধীর দত্ত বলেন, যিনি কবিই নন, তাঁর জন্য এত কিছু করার কী প্রয়োজন? অথচ এত বছর পর কবি হিসেবে বিবেচনা করলে সুধীর দত্ত ও জীবনানন্দ দাশের অবস্থানের পার্থক্য আমরা বুঝতে পারি। সুতরাং কোন শিল্পী বা শিল্প টিকে থাকবে, বিলুপ্ত হবে তা তাৎক্ষণিকভাবে বিচার করা ঠিক না।’

শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে গানের দল ‘শহুরে গায়েন’-এর প্রথম অ্যালবাম ‘তোমার জন্য থামি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি। অ্যালবামটি ২০১৩ সালে সন্ত্রাসীদের হাতে নিহত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে উৎসর্গ করা হয়। রফিউর রাব্বি ত্বকীর বাবা। অনুষ্ঠানে অতিথিদের নিয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন ত্বকীর মা রওনক রেহানা।

রফিউর রাব্বি বলেন, শহুরে গায়েন যে গানগুলো গেয়েছেন, সেগুলোর এখনই ভালো–মন্দ বিচার করা ঠিক হবে না। গানের মাধ্যমে তাঁরা মানুষের সংকট, কান্নার যে কথা বলতে চেয়েছেন, সেসব যখন সাধারণ মানুষের কথায় পরিণত হবে, তখনই এর সার্থকতা বোঝা যাবে।

অনুষ্ঠানে অ্যালবামের সাফল্য কামনা করে ত্বকীর মা রওনক রেহানা বলেন, ‘মানুষের কথা বলতে যাঁরা এর সঙ্গে কাজ করেছেন, তাঁদের সবার জন্য শুভকামনা। মানুষ একদিন না একদিন এটিকে গ্রহণ করবে।’

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আরিফ বুলবুল, প্রাবন্ধিক ফিরোজ আহমেদ, অ্যালবামের প্রকাশনা সহযোগী প্রতিষ্ঠান রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস, গীতিকার আহমেদ বাবলু, প্রযোজনা প্রতিষ্ঠান বাহিরান অডিও ভিজ্যুয়ালের নির্বাহী অর্ক সুমন, শহুরে গায়েনের সমন্বয়ক শাহীন মাহমুদ প্রমুখ।

বক্তরা বলেন, ক্ষমতার সামনে মানুষের অসহায়ত্বের যে সংকট সেই চিত্র শহুরে গায়েনের গানের কথায় উঠে এসেছে। আছে জনসমাজের ভাবনা ও ক্ষমতার প্রতি এক ধরনের ধিক্কার।

শহুরে গায়েনের সমন্বয়ক ও অনুষ্ঠানের সভাপতি শাহীন মাহমুদ বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তার বিধান যখন অনাগত ভবিষ্যতের জন্য প্রয়োজন, ঠিক তখনই প্রযুক্তি আমাদের মনন ও আবেগকে সংকীর্ণ করে দিচ্ছে। এই সময়ে আমরা চাই পিছিয়ে পড়া মানুষের জন্য থেমে যেতে। থেমে গেলেই পিছিয়ে পড়া মানুষকে সঙ্গে নিয়ে এগোনো সম্ভব।’