'শিশু নির্যাতন বন্ধে চাই সামাজিক সচেতনতা'
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সমাজে শিশু নির্যাতন বন্ধে সচেষ্ট রয়েছে সরকার। কারণ, দেশে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে নানান ক্ষেত্রে মেধার পরিচয় দিচ্ছে শিক্ষার্থীরা। তাই শিশু নির্যাতন বন্ধে সুশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো দরকার।
গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ শিশু একাডেমীর মিলনায়তনে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ‘সুশাসন নয়, সামাজিক অবক্ষয়ই শিশু নির্যাতনের প্রধান কারণ’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও ডিবেট ফর ডেমোক্রেসি। সহযোগিতায় ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী জে কে উচ্চবিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ছেলেদের চেয়ে মেয়েশিশুর ভর্তির হার বেশি। মাধ্যমিকেও প্রায় সমান, যা বড় অর্জন। তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি করা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা। এ জন্য দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এ পরিবর্তনে নেতৃত্ব দেবে আজকের তরুণ প্রজন্ম।
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফেকশন বলেন, শিশুরা দুর্বল, তাই তাদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়। তাই শিশুদের ওপর নির্যাতন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সোচ্চার থাকতে হবে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক শীপা হাফিজা বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার।