‘শিশুদের উন্নয়নে অনেক কাজ করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, দক্ষিণ এশিয়ার প্রায় অর্ধেক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। বাংলাদেশের দুই-তৃতীয়াংশ শিশু অপুষ্টির শিকার। এ বিষয়গুলো অস্বস্তিকর। শিশু উন্নয়নে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরে উপদেষ্টা বলেন, আমাদের আরও অনেক কাজ করতে হবে। যেতে হবে আরও বহুদূর।গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারটি সংস্থা মিলে অভিন্ন সেভ দ্য চিলড্রেন হিসেবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে সত্তরের দশক থেকে আলাদাভাবে কাজ শুরু করে সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া, সেভ দ্য চিলড্রেন সুইডেন-ডেনমার্ক, সেভ দ্য চিলড্রেন ইউকে এবং সেভ দ্য চিলড্রেন ইউএসএ। বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এ চারটি সংগঠন একীভূত হয়ে একটি সংগঠন হিসেবে গত বছরের পয়লা অক্টোবর থেকে সেভ দ্য চিলড্রেন নামে কাজ শুরু করে। গতকাল ছিল অভিন্ন সংগঠন হিসেবে আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে গওহর রিজভী ও অন্য অতিথিরা একটি ছবির ফ্রেমে সাদা কাগজে স্বাক্ষর করে অভিন্ন সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। নতুন এ সংগঠনের দেশীয় পরিচালক মাইকেল ম্যাকগ্রা বলেন, অভিন্ন সংগঠন হিসেবে কাজ করার ফলে শিশুদের জন্য সর্বোত্তম সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। কোনো শিশুই বাদ যাবে না। এ পর্যন্ত বাংলাদেশের প্রায় ৮০ লাখ শিশুর কাছে বিভিন্ন সেবা পৌঁছে দিতে পেরেছে এ সংগঠন। অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, অনেক অর্জনের পাশাপাশি অনেক সমস্যাও আছে। সেগুলো মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরন্নবী তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব খানম, সেভ দ্য চিলড্রেনের এশিয়ার ক্যাম্পেইনস অ্যান্ড অ্যাডভোকেসি পরিচালক মাইকেল অ্যাঙ্গলেড প্রমুখ বক্তব্য দেন।