‘শিশুর বিকাশে সবাইকে মনোযোগী হতে হবে’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সামগ্রিক উন্নয়নে শিশুর প্রাক্-প্রাথমিক যত্ন ও বিকাশ গুরুত্বপূর্ণ। পাঁচ থেকে আট বছরের মধ্যে শিশুর মানসিক উন্নয়নের প্রায় ৯০ শতাংশের উন্নয়ন ঘটে। তাই শিশুর এই বয়সটিকে গুরুত্ব দিতে হবে। সবাইকে মনোযোগী হতে হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘শিশুর বিকাশে প্রারম্ভিক যত্ন ও বিকাশনীতি প্রণয়ন’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় অধ্যাপক এম আর খান এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা জানান, গর্ভাবস্থা থেকে প্রথম আট বছর একটি শিশুর জীবনের ভিত্তি রচিত হয়। এই সময় নিরাপত্তা, খাদ্য, আশ্রয় এবং স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদাগুলো শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু একাডেমী শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (ইএলসিডি) প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতিসংঘ শিশু তহবিলের সহায়তায় এ প্রকল্পের আওতায় শিশুর সমন্বিত যত্ন ও বিকাশ (ইসিসিডি) নীতি কাঠামোর খসড়া প্রণয়ন করা হয়েছে। এ নীতিকাঠামো সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশষজ্ঞদের মতামত নেওয়ার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।