‘শীর্ষ নিউজ’ সম্পাদক কারা ফটক থেকে আবার আটক
সাপ্তাহিকশীর্ষ কাগজ ও শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক একরামুল হককে মুক্তির পর জেলগেট থেকে আবার আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল তাঁকে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ ৫১৬২৪৮) উঠিয়ে নিয়ে যায়। এ সময় একরামুল হককে অভ্যর্থনা জানাতে যাওয়া সাংবাদিকদের হেনস্তা করা হয়।রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি মামলায় গত ২৫ অক্টোবর হাইকোর্ট একরামুল হককে জামিন দেন। জামিন স্থগিত রাখতে গতকাল সরকারের আবেদনে ‘নো’ অর্ডার দেন চেম্বার বিচারপতি মো. ইমান আলী। এতে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। একরামুল হকের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জামিনের প্রয়োজনীয় কাগজপত্র বিকেলেই কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়। কিন্তু কর্তৃপক্ষ মুক্তি দিতে সময়ক্ষেপণ করে। সন্ধ্যায় মুক্তি দেওয়ার আগ মুহূর্তে ডিবি পুলিশ একটি মাইক্রোবাস নিয়ে কারা ফটকে অবস্থান নেয়। তিনি কারা ফটকে আসামাত্র গাড়িতে তুলে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রমনা থানায় কর পরিদপ্তরের পরিদর্শক হাবিবুর রহমানের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় একরামুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এজাহারে বলা হয়, একরামুল হক তাঁর কাছ থেকে গত ১২ জুন পাঁচ হাজার টাকা চাঁদা নিয়েছেন এবং মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। গত ৩০ রাজধানীর কলাবাগান থানার আরেকটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে জানতে হাবিবুর রহমানকে তাঁর দেওয়া ঠিকানায় (ভূঁইয়া ম্যানশন, কাকরাইল) পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।ডিবির অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘রমনা থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় একরামুল হককে গ্রেপ্তার করা হয়েছে।’