‘শুদ্ধ গণতন্ত্রচর্চায় সরকার ও বিরোধী দলের সমঝোতা দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক এক ধরনের শিল্প। বিতর্কের মঞ্চে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করে সুন্দরের মধ্যে অবগাহন করা যায়, সত্যকে প্রতিষ্ঠা করা যায়। বিতর্ক মানুষকে গতিশীল করে। আর গতিশীল মানুষই সমাজকে বদলাতে পারে। গতকাল সোমবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে ছয় দিনব্যাপী প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘সমঝোতার রাজনীতি, গতিশীল অর্থনীতি’ স্লোগান নিয়ে ২০ জুন চতুর্থ শিশু, ১২তম আন্তস্কুল ও তৃতীয় আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাব (এমজিবিএসডিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, শুদ্ধ গণতন্ত্রচর্চায় সরকার ও বিরোধী দলের রাজনৈতিক সমঝোতা দরকার। কারণ, সমঝোতা ও পারস্পরিক আস্থার অভাবে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়। আর অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে বিদেশি বিনিয়োগ কমে যায়। দেশ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়।বিশেষ অতিথি প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘আজকের বিতার্কিকদের মধ্যে আমি ভবিষ্যতের বাংলাদেশকে দেখি, যারা নিজ যোগ্যতা, মেধা, মনন দিয়ে একটি সুন্দর দেশ গড়বে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মুখস্থকে ‘না’ বলা শিখতে হবে। সৃজনশীল পড়াশোনার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে। প্রথম আলো সমাজকে বদলাতে দেশের তরুণদের স্বশিক্ষিত করতে চায়। তরুণসমাজকে বদলাতে চায়।প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু পর্যায়ে ২৪টি, স্কুল পর্যায়ে ৩২টি ও আন্তক্লাব পর্যায়ে ১৬টি বিতর্ক দল অংশ নেয়। ৭২টি দলে প্রায় ২৫০ জন বিতার্কিক এই তিন গ্রুপে অংশ নেয়। এর মধ্যে শিশু পর্যায়ে ভিকারুননিসা নূন স্কুল চ্যাম্পিয়ন ও সেন্ট গ্রেগরিজ উচ্চবিদ্যালয় রানার্সআপ হয়। এ পর্বে সেরা বিতার্কিক হয় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের রিজওয়ানুল ইসলাম। স্কুল পর্যায়ে আইডিয়াল ডিবেটিং ক্লাব-৩ চ্যাম্পিয়ন, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাব অরিন্দম রানার্সআপ হয়। সেরা বিতার্কিক হয় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের নাফিস ফেরদৌস। এ ছাড়া ক্লাব পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ অব ডিবেটর চ্যাম্পিয়ন, কুয়েট ডিবেটিং সোসাইটি রানার্সআপ হয়। সেরা বিতার্কিক হন কুয়েট ডিবেটিং সোসাইটির শেখ সাদি। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শামীমা আক্তার, শাহাদাত হোসেন, তানজিলা আশরাফ, অমিত প্রামাণিক প্রমুখ।উৎসবের প্রচার সহযোগী ছিল এবিসি রেডিও, চ্যানেল আই, প্রথম আলো অনলাইন ডটকম। সার্বিক সহযোগিতায় ছিল মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও প্রথম আলো।