‘সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম রাখলে ভোটের হিসাব উল্টোও হতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের জন্য সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হলে তার ফল উল্টোও হতে পারে। আর তা দেশের মানুষ মানবে না। তাই কোনো সংশোধনী ছাড়াই বাহাত্তরের মূল সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও সেই সংবিধান রাখা হবে।গতকাল রোববার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা শহীদজননী জাহানারা ইমামের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে নির্মূল কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ২০১০ ও ২০১১—এই দুই বছরের জন্য দুজন ব্যক্তি ও দুটি সংগঠনকে জাহানারা ইমাম স্মৃতি পদকও দেওয়া হয়।সভাপতির বক্তৃতায় নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি কবীর চৌধুরী বলেন, ‘বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে থাকতে পারে না। রাষ্ট্রের ধর্ম হওয়া উচিত জনগণের নিরাপত্তা, জনগণের সুযোগ-সুবিধা। হয়তো সরকার ভোটের জন্য এটা করছে, কিন্তু উল্টোটাও হতে পারে। আমরা চাই বর্তমান সরকার আবার ক্ষমতায় আসুক। কিন্তু মৌলিক আদর্শের প্রশ্নে আপস করে ক্ষমতায় আসতে চাইলে বাংলার জনগণ তা মেনে নেবে না।’ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন করা হলে আমি খুশি হতাম। কিন্তু কিছু বাস্তবতার নিরিখে কিছু সংযোজন করা হয়েছে। তবে আন্দোলন চালিয়ে যেতে হবে। হয়তো একদিন সুপ্রিম কোর্ট বা জনগণ রায় দিতে পারে।’ সদ্যগঠিত বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘যদি একাত্তরে সত্যি সত্যি মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তাহলে ধর্মনিরপেক্ষতা রাখবই। প্রয়োজন হলে রক্ত দিয়েও আমাদের সেই সংবিধান রাখব।’ সংবিধান সংশোধনের প্রস্তাবে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ রাখার বিরোধিতা করায় মন্ত্রিসভার বৈঠকে পরিকল্পনামন্ত্রী ও অর্থমন্ত্রীর সমালোচনা করায় (পত্রিকার খবর অনুযায়ী) প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।কামাল লোহানী জানান, তাঁদের জাতীয় কমিটি একটি কনভেনশন করার কথা ভাবছে। আজ সোমবার বসে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে।কবীর চৌধুরীর মতো একই ধরনের সতর্কতা উচ্চারণ করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায় সরকারের উদ্দেশে বলেন, ‘যদি মনে করেন ভোট বাড়ার জন্য এই সংশোধনী, তাহলে মনে রাখবেন, কমারও আশঙ্কা আছে।’ ইতিহাসবিদ সালাহউদ্দীন আহমদ বলেন, ‘ধর্মনিরপেক্ষতা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। তাই কোনো সংশোধনী না করে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করা হোক।’জাহানারা ইমাম স্মারক বক্তৃতায় চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা অবিকৃতভাবে ধারণ করছে বাহাত্তরের মূল সংবিধান। এই সংবিধানকে যেকোনো মূল্যে ফিরিয়ে আনতেই হবে।নির্মূল কমিটির নির্বাহী সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘আমরা ক্ষুব্ধ হচ্ছি যখন দেখি বঙ্গবন্ধুর কন্যার হাতে বঙ্গবন্ধুর হাতের সংবিধান আদর্শচ্যুত হতে যাচ্ছে।’ তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মন্ত্রীকে তিরস্কারের খবরের উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইনবিষয়ক সম্পাদক তুরিন আফরোজ।সুলেখিকা হিসেবে খ্যাত জাহানারা ইমাম ঢাকার বীর মুক্তিযোদ্ধা শহীদ শফি ইমাম রুমীর মা। নব্বইয়ের দশকের শুরুতে তিনি যুদ্ধাপরাধী ও তাদের সহযোগীদের বিচারের লক্ষ্যে সমমনাদের নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে আন্দোলন গড়ে তোলেন। স্মৃতিপদক প্রদান: অনুষ্ঠানে ২০১০ সালের জন্য অধ্যাপক সালাহউদ্দীন আহমদ ও সংগঠন হিসেবে বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং ২০১১ সালের জন্য অনুপম সেন ও সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চকে পদক দেওয়া হয়।অন্যান্য কর্মসূচি: দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বুদ্ধিজীবী কবরস্থানে জাহানারা ইমামের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ কর্মসূচি পালন করে। বাসদ কবরে শ্রদ্ধা নিবেদন ছাড়াও বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক লীগ ও ছাত্র ফেডারেশন আলাদাভাবে আলোচনা সভা করে।