‘সংসদে দুর্নীতি রোধ করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি’
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, ‘বর্তমান সংসদে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি রোধ করতে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে ১০০ ভাগ সফল হয়েছি তা দাবি করব না। তবে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অনেক ক্ষেত্রে সফলও হয়েছি।’গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ কথা বলেন। তিনি বলেন, অষ্টম জাতীয় সংসদের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরতে গণমাধ্যম ব্যাপক ভূমিকা রেখেছে। এর ফলে ভবিষ্যতে দুর্নীতি অনেকাংশে কমে আসবে।গণমাধ্যমের কর্মীদের উদ্দেশে স্পিকার আবদুল হামিদ বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একসঙ্গে চলে। অর্থা ৎ গণতন্ত্র সচল থাকলে গণমাধ্যমও সচল থাকে। ডিআরইউয়ের সভাপতি মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান, ডিআরইউয়ের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন প্রমুখ।আজ বুধবার ডিআরইউয়ের ২০১১ সালের কার্যকরী নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে।